সরকারি হাসপাতালে রক্তের কালোবাজারি প্রতিবাদে জেলা শাসক এবং স্বাস্থ্য দপ্তরে গণ ডেপুটেশন

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৪ ডিসেম্বর: রক্তের ব্যাপক চাহিদা সত্ত্বেও সরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে দীর্ঘদিন ধরে চলছে কালোবাজারি। কার্যত টাকার বিনিময়ে বেআইনিভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে হাসপাতালে রক্ত। দুর্নীতির অভিযোগ তুলে এবার নদিয়া জেলা স্বাস্থ্য আধিকারিক এবং জেলা শাসকের কাছে গণ ডেপুটেশন জমা দিলেন এলাকার মানুষ।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই বেআইনিভাবে চোরাপথে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে টাকার বিনিময়ে রক্ত বিক্রি করে দেওয়া হয়। অভিযোগ, যেখানে সরকারি হাসপাতালে রোগীরা এখনো ঠিকমতো রক্ত না পাওয়ায় মৃত্যুর সঙ্গে লড়াই করে সেই পরিস্থিতিতে কিভাবে সরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে এই কালোবাজারি চলতে পারে।

উল্লেখ্য, দিন কয়েক আগে শক্তিনগর জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের একজন কর্মীর কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এখানে ব্লাড ব্যাঙ্কের দুর্নীতির কথা উঠে আসে। এরপর থেকেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে। মূলত কালোবাজারি এবং দুর্নীতি রুখতে এদিন কৃষ্ণনগরের জেলা স্বাস্থ্য আধিকারিক এবং জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি, যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত অবিলম্বে তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। সেইসঙ্গে যাতে এই ব্লাড ব্যাঙ্কের কালোবাজারি বন্ধ হয় তারও ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *