জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ এপ্রিল: প্রচন্ড দাবদাহ থেকে মুক্তি পেতে এক পশলা বৃষ্টির প্রার্থনায় চন্দ্রকোনা ব্লকের দরবস্তিবাসা গ্রামের বাসিন্দারা লোকবিশ্বাস মেনে পূজা পাঠ করে কোলা ব্যাঙের বিয়ে দিলেন। যদিও মেদিনীপুর বিজ্ঞান মঞ্চের সদস্যরা বিষয়টিকে হাস্যকর বলে জানিয়েছেন।
দেরিতে পাওয়া খবরে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের কালী মন্দিরে একটি ব্যাঙকে সিন্দুর হলুদ মাখিয়ে প্রথমে পূজা কর হয়। এরপর ব্যাঙের গায়ে হলুদ জল ঢেলে বেলপাতা ছড়িয়ে শঙ্খ ঘন্টা বাজিয়ে বিয়ে দেওয়া হয়। কৃষিপ্রধান চন্দ্রকোনা এলাকায় অনাবৃষ্টির কারণে মাঠ শুকিয়ে একেবারে ফুটিফাটা অবস্থা হয়েছে। এর ফলে গাছ শুকিয়ে ব্যাপক ক্ষতি হচ্ছে তিল চাষের। এছাড়াও ঘরে-বাইরে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা এলাকার বাসিন্দাদের। এসব থেকে রেহাই পেতেই এক পশলা বৃষ্টির আশায় প্রচলিত ধারণা থেকে এভাবে কোলা ব্যাঙের পুজো ও বিয়ের আয়োজন বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

