পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মিছিল ও পথসভা করল কেশিয়াড়ি ব্লক তৃণমূল কংগ্রেস। কেশিয়াড়ি ব্লক তৃণমূলের পক্ষ থেকে কেশিয়াড়ি হাই স্কুল মাঠ থেকে কেশিয়াড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করা হয়। মিছিলের পর কেশিয়াড়ি বাসস্ট্যান্ডে হয় সভা। সেখানে কেন্দ্রীয় সরকারের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদ জানান উপস্থিত নেতারা।
এদিনের এই মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন কেশিয়াড়ি ব্লক তৃণমূলের সভাপতি শ্রীনাথ হেমব্রম, কেশিয়াড়ি ব্লকের তৃণমূল নেতৃত্ব ফটিক রঞ্জন পাহাড়ি, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী মামনি মান্ডি,পশ্চিম মেদিনীপুর জেলা এস সেলের সভাপতি পিকু মান্ডি, রবিন টুডু, নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট সহ আরও অনেকে।
এদিন কেশিয়াড়ি বাসস্ট্যান্ডে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট বলেন, আমাদের দলে কিছু বেইমান ঢুকেছে জানেন আপনারা? তারা শুধুমাত্র ক্ষমতায় থাকতে চায়। ক্ষমতা ভোগ করতে চায়। আপনাদের আমি বলে যাচ্ছি, দুধ আর জল আলাদা হয়ে যাবে। কেশিয়াড়িতে সূর্য অট্টের চোখ আছে, থাকবে। আমি বলে রাখি যে যত বড় বাবা হও কী করে প্রতিরোধ করতে হয় সেটা আমি জানি। কেশিয়াড়িতে যারা রক্ত ঝরা দেখেনি, যারা লড়াই করেনি, চোখের জল ফেলেনি, তাদের হাতে তৃণমূল যাবে না।

