ঝাড়গ্রামের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার মাওবাদী পোস্টার

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৫ এপ্রিল: সোমবার সকালে ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলে সেবায়তন বিএড কলেজ সংলগ্ন এলাকা থেকে লাল কালিতে লেখা চার পাঁচটি মাওবাদীদের নামে লেখা পোস্টার উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও এদিন বিনপুরের নারায়ণপুর থেকেও বেশ কিছু পোস্টার উদ্ধার হয়েছে। পোস্টারগুলিতে লেখা রয়েছে ২০১০ -২২ সাল পর্যন্ত যেসব তৃণমূল নেতা গুলো আছে তাদের নিয়ে খেলা হবে। পোস্টারগুলিতে পুলিশের বিরুদ্ধেও কিছু কথা লেখা রয়েছে বলে জানা গেছে। পোস্টারগুলির নীচে লেখা আছে ‘মাওবাদী’। এছাড়া ভূমিহীন আদিবাসীদের পাট্টার ব্যবস্থা করার কথাও উল্লেখ রয়েছে পোস্টারে।
   
একই দিনে জেলার দুই প্রান্তে মাওবাদীদের নামে লেখা পোস্টার উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।  জেলায় হাই অ্যালার্ট জারি করা এবং বিভিন্ন জায়গায় পুলিশের নাকা চেকিং ও তল্লাশি অভিযান শুরুর পরেও বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে এরকম আতঙ্ক ছড়ানো পোস্টার।
 
এ বিষয়ে ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, “আজ সকালে সেবায়তন এবং নারায়ণপুরে পোস্টার উদ্ধার হয়েছে। এগুলি কে বা কারা করেছে তা তদন্ত করে দেখা হবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *