গড়বেতা থেকে মাওবাদী পোস্টার উদ্ধার

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ এপ্রিল: বৃহস্পতিবার সকালে গড়বেতা থানার গনগনি এলাকা থেকে মাওবাদীদের নামে লেখা বেশ কয়েকটি পোস্টার উদ্ধার করেছে পুলিশ। পোস্টারগুলিতে সাদা কাগজের উপর লাল কালিতে লেখা রয়েছে “ফরেস্ট ল্যান্ড ভূমিহীনদের অবিলম্বে পাট্টার ব্যবস্থা করতে হবে”। পোস্টারগুলির ওপরে ও নিচে মাওবাদী জিন্দাবাদ এবং সিপিআই মাওবাদী লেখা রয়েছে।

জঙ্গলমহলে বিভিন্ন এলাকা থেকে পরপর মাওবাদী পোস্টার উদ্ধার হওয়ায় নড়েচড়ে বসেছে রাজ্যের পুলিশ প্রশাসন। বুধবার এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দিনেশ কুমার জানান, মাওবাদী নাশকতার আশঙ্কায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। জারি করা হয়েছে হাই এলার্ট। বিশেষ বিশেষ এলাকায় নাকা চেকিং চালানো হচ্ছে। এতসবের মাঝখানেও মাওবাদী পোস্টার উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
 
কে বা কারা মাওবাদীদের নামে এই পোস্টার দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *