সাথী দাস, পুরুলিয়া, ৮ সেপ্টেম্বর: মাওবাদী নামাঙ্কিত পোষ্টার উদ্ধার পুরুলিয়ার বরাবাজারের বলরামপুরে। পোষ্টারে ছয়লাপ রাস্তার ধার। পোষ্টারে রয়েছে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা মন্ত্রীদের প্রাণনাশের হুঁশিয়ারি। “খেলা হবে পঞ্চায়েত ভোটে। “খেলা হবে, এবার আমরা খেলব।
পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্যসভা পর্যন্ত তৃণমূলের পতাকা যে হাতে ধরবে সেই হাত দুটো কেটে বাদ দেওয়া হবে।” ঠিক এই ভাষাতেই হুমকি দেওয়া ছিল পোষ্টারগুলিতে।

এছাড়াও আগামী ১১ সেপ্টেম্বর রবিবার বনধের ডাক দেওয়া হয়েছে অন্য পোষ্টারে। বৃহস্পতিবার সকালে পুরুলিয়া জেলার বলরামপুর ও বরাবাজার রাজ্য সড়কের ধারে বৈদ্যুতিক খুঁটির উপর, গাছের উপর এবং মাইলস্টোনে একগুচ্ছ সেগুলি দেখতে পান গ্রামবাসীরা। তাঁদের মাধ্যমেই খবর পায় পুলিশ। খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল থেকে পোস্টারগুলি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। দুর্নীতিগ্রস্ত নেতাদের হুমকি দেওয়া হয়েছে ওই মাওবাদী নামাঙ্কিত পোস্টার গুলিতে।

সাদা কাগজের উপর লাল কালিতে লেখা “গরিবের টাকা খেয়ে যে সমস্ত নেতারা বড় বড় বিল্ডিং বানিয়েছে তারা সাবধান। রাজ্য সরকারের দুর্নীতির ক্রিমিনালদের স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হল কেন? তৃণমূল নেতা জবাব দাও। এরই প্রতিবাদে আগামী ১১ সেপ্টেম্বর রবিবার বনধ পালন করুন। তৃণমূল নেতা সাবধান।
ঘটনা বিরোধীদের চক্রান্ত বলে অভিযোগ তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার।
বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, তৃণমূলের যারা বঞ্চনার শিকার তারাই এটা করেছে।

