ইডি সিবিআই যেভাবে তদন্তে এগোচ্ছে তাতে অনেক নেতা এবারে দুর্গাপুজো দেখতে যেতে পারবেন না, জেলে থাকতে হবে: দিলীপ ঘোষ

সাথী দাস, পুরুলিয়া, ১০ সেপ্টেম্বর: “ইডি সিবিআই যেভাবে তদন্তে এগোচ্ছে, অনেক নেতা এবারে দুর্গাপুজো দেখতে যেতে পারবেন না, জেলে থাকতে হবে।” পুরুলিয়া বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে ঠিক এই ভাষাতেই তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি সহ সভাপতি দিলীপ ঘোষ।

আগামী ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন চলো কর্মসূচির আগে আজ পুরুলিয়া শহরে বিজেপির মিছিল ও পথসভা আয়োজিত হয়। স্টেশনের পাশ থেকে শুরু হয়। মেইন রোড ধরে স্থানীয় হাটের মোড়ে শেষ হয়। সেখানেই পথ সভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে যোগ দেন বিজেপি সহ সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। এছাড়াও ছিলেন জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা, পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ বিজেপির অন্যান্য নেতা কর্মী ও সমর্থকরা। পথসভায় বক্তব্য রাখেন দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জি, বিদ্যাসাগর চক্রবর্তি প্রমুখ নেতৃত্ব। কার্যত একের পর এক সকলেই রাজ্য সরকারের এবং শাসক দলের নেতাদের দুর্নীতির প্রসঙ্গে তুলোধোনা করেন।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইডি সিবিআই যেভাবে তদন্তে এগোচ্ছে, তাতে অনেক নেতা এবার দুর্গাপুজো দেখতে যেতে পারবেন না। গাড়ি করে বউ বাচ্চা নিয়ে প্যান্ডেলে ঘুরতে পারবেন না। জেলে থাকতে হবে। বউ বাচ্চাকে দেখা করতে জেলে যেতে হবে। পুজোর মার্কেটিং করতে পারবেন না, জেলের মধ্যে দুর্গাপুজো করতে হবে।” এছাড়াও দিলীপ ঘোষ বলেন, “গরিব মানুষদের সম্পত্তি লুঠ হয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা লুঠ হয়েছে, চাকরি লুঠ হয়েছে। সেই টাকায় ফুটানি হচ্ছে।”

একইভাবে লকেট চ্যাটার্জি শাসক দলের নেতাদের কটাক্ষ করেন। প্রথমেই অনুব্রত মণ্ডলকে তুলোধোনা করে লকেট বলেন, “এবার কেষ্ট বেরোবে না, জেলেই থাকবে। এত সম্পত্তি এলো কোথা থেকে? কোথায় চাকরি করে? মানুষ সব বুঝতে পারছে। এবার পুরুলিয়াতে এখনও হাত দেয়নি।” এদিন পুরুলিয়ার শাসক দলের নেতাদের নাম ধরে ধরে লকেট বলেন, সিবিআই ইডি তদন্ত করে আসল সত্য বের করে আনবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *