জ্বর সর্দি কাশিতে আক্রান্ত বহু শিশু, হাসপাতালে লম্বা লাইন, জলপাইগুড়িতে ছুটি দেওয়া হল স্কুল

আমাদের ভারত, জলাইগুরি, ২০ ফেব্রুয়ারি: জ্বর সর্দি কাশির ভাইরাসে জলপাইগুড়িতে অসুস্থ হয়ে পড়ছে অসংখ্য শিশু। এই ধরণের উপসর্গ নিয়ে একাধিক শিশুকে অভিভাবকরা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের শিশু বহির্বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসছেন।

সোমবার সকাল থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিশুদের অভিভাবকরা হাসপাতালের বহিঃবিভাগে নিয়ে আসেন। হাসপাতালে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায়। শহরের বিভিন্ন শিশুবিদ্যালয় ছাড়াও দূরবর্তী এলাকা থেকেও শিশুদের নিয়ে লাইনে দাঁড়াতে দেখা যায় অভিভাবকদের।

শিশুর অভিভাবকদের বক্তব্য, বেশিরভাগ শিশুর জ্বর সর্দি কাশি রয়েছে এই কারণে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের এমএসভিপি কল্যাণ খাঁ বলেন, এই সময় শিশুদের জ্বর সর্দি কাশি সাধারণত হয়। আবহাওয়ার পরিবর্তনের কারণে এমনটা হয়ে থাকে। তবুও দক্ষিণবঙ্গে যেহেতু অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হচ্ছে শিশুরা।এই কারণে অসুস্থ শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে। আমরা গুরুত্ব সহকারে বিষয়টি দেখছি। বেশি সমস্যা হলেই ডাক্তার দেখানোর অনুরোধ আমরা সকলকে করছি।”

এদিকে এ দিন সকালে জলপাইগুড়ির এক বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে বেশ কিছু ছাত্র-ছাত্রী অসুস্থ বোধ করলে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে ওই স্কুলের প্রিন্সিপাল সত্য প্রকাশ দাস বলেন, কিছু পড়ুয়ার সমস্যা হয়েছিল। আমরা তাদের স্কুলের পরীক্ষার পর ছুটি দিয়ে দিয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *