আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৯ আগস্ট: সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ১৫১.২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জলপাইগুড়িতে। এর জেরে জলমগ্ন শহরের একাধিক এলাকা। রাস্তার পাশাপাশি একাধিক বাড়ি জলমগ্ন। সপ্তাহের প্রথম দিন বিপাকে পড়লেন সাধারণ মানুষ।
যদিও পুরসভার দাবি, জলমগ্ন এলাকার বাসিন্দাদের সুবিধার্থে শুকনো খাবার বিলি করা হয়। বৃষ্টি কমতেই জল নেমে যাচ্ছে। জলপাইগুড়ি শহরের নিউটাউন পাড়া, পান্ডা পাড়া, মহামায়া পাড়া, অরবিন্দ নগর, মোহন্ত পাড়া, জয়ন্তি পাড়া পাশাপাশি তিন নম্বর ঘুমটি স্টেশন রোডের রাস্তা জলমগ্ন। একটানা ভারি বৃষ্টির জেরে প্রতিবছর জলমগ্ন হয়ে পড়ে শহর।
যদিও এদিন বেলা বাড়তে নতুন করে বৃষ্টি না হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নিচু জায়গায় জল মানতে শুরু করেছে। পুরসভার আরও নিকাশি ব্যবস্থা আরও ভালো করার দাবি তুলছেন সাধারণ মানুষ। অন্যদিকে সেচ দফতর সুত্রে জানা যায়, এ দিন সাড়ে আটটা পর্যন্ত বেশি বৃষ্টিপাত হয়েছে মালবাজারে ১৫০.১০ মিলিমিটার, বানারহাটে ১১২.০০ মিলিমিটার, ময়নাগুড়িতে ১৫৯.০০ মিলিমিটার। শিলিগুড়ি সহ অন্যান্য জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, “ভারি বৃষ্টির জেরে পুরসভার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়েছে। বৃষ্টি কমতেই নিচু এলাকায় জল নামছে। যে সব ওয়ার্ড জলমগ্ন সব ওয়ার্ডের কাউন্সিলর জলবন্দি বাসিন্দাদের জন্য শুকনো খাবার ও পানীয় জলের ব্যবস্থা করেছে। আগের থেকে জল নিকাশি ব্যবস্থা অনেক উন্নত, বাড়তি কর্মী দিয়ে নিকাশি ব্যবস্থা জোর দেওয়া হয়েছে।”

