টিটাগড়ে ফের শ্যুট আউটে জখম নিহত মণীশ শুক্লার ঘনিষ্ঠ ব্যক্তি, উত্তপ্ত ব্যারাকপুর

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৫ মার্চ: ফের প্রকাশ্যে শ্যুট আউটের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর বিধানসভার এস ভি পথ রোড এলাকা। অভিযোগ এবার গুলিবিদ্ধ হলেন নিহত বিজেপি নেতা মণীশ শুক্লার ঘনিষ্ঠ বন্ধু পেশায় দর্জি ওয়াই মধুবাবু রাও (৫৪)। এস ভি পথ রোডে তাঁর দর্জির দোকানের ভেতরে ঢুকে ৩ জন দুষ্কৃতী খুব কাছ থেকে গুলি করে খুনের চেষ্টা করে। এরপর চিৎকার চেঁচামেচিতে ওই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী ডা. চন্দ্রমণি শুক্লা। তিনি সাংবাদিকদের বলেন, তৃণমূল এই কেন্দ্রে হারের ভয়ে এসব করছে। ওরা মানুষজনকে ভোট দিতে দেবে না। যাকে গুলি করা হয়েছে সে মনীশের ঘনিষ্ঠ ছিল। মণীশ জামা কাপড় এই মধুবাবুর কাছ থেকেই সেলাই করত। মঙ্গলবার সন্ধ্যার পর অন্যান্য দিনের মধুবাবু তাঁর টেলারিংয়ের দোকান খুলে কাজ করছিলেন। সেই সময় ৩ জন দুষ্কৃতী মধুবাবুর দোকানের ভেতর ঢুকে গুলি চালায়। একটি গুলি মধুবাবুর পেটের নিচে লাগে। এরপর দুষ্কৃতীরা পালিয়ে যায়।

এলাকায উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনায়। ওয়াই মধুবাবু রাওকে প্রথমে নিয়ে যাওয়া ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে, সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার এক বেসরকারি ভর্তি করা হয়েছে। সেখানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। টিটাগড় থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনায় পুলিশ ৩ কুখ্যাত দুষ্কৃতিকে খুঁজছে। এদিকে যে দর্জি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি তিনি বিজেপি সমর্থক দাবি করেছে বিজেপি। যদিও টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক জানিয়েছে, “এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই। বিজেপি এই ঘটনাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। যিনি জখম হয়েছে তিনি কোনও দলেরই সক্রিয় কর্মী নন। কি কারনে এই ঘটনা ঘটেছে পুলিশ তদন্ত করে সত্যতা বের করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *