আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৬ জুলাই: মণিপুর, মালদহ ও হাওড়ার নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে নামল জলপাইগুড়ির জেলা মহিলা কংগ্রেস কমিটি। বুধবার শহরে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিলে সামিল হলেন কংগ্রেস নেতা নেত্রীরা। নারী নির্যাতনের ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশ পুতুল দাহ করে প্রতিবাদ জানালেন কংগ্রেস নেতা, নেত্রী ও কর্মীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, বিজেপির ডবল ইঞ্জিন সরকার চলছে মণিপুরে। সেখানেও মহিলাদের নিরাপত্তা নেই। দুই মহিলাকে নগ্ন করে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে নারীদের সুরক্ষা নেই। মুখ্যমন্ত্রী নারীদের ধর্ষণের ঘটনাকে ছোট ঘটনা বলছেন। এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। এর প্রতিবাদে মহিলা কংগ্রেস প্রতীকি ভাবে আন্দোলন শুরু করল। এরপর প্রধানমন্ত্রীর কুশ পুতুল দাহ করা হয়।

অন্যদিকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশ ছোঁয়া, দেশের একাধিক সরকারি প্রতিষ্ঠান বেসরকারিকরণের প্রক্রিয়া চলছে, এর প্রতিবাদে বিক্ষোভ। উপস্থিত ছিলেন জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী রুমা মুন্সি, সাধারণ সম্পাদীকা গীতা দেবনাথ ও বেবী সেনগুপ্ত। এছাড়াও কালিংপঙের কংগ্রেস নেতা মুন্না প্রসাদ এছাড়া টাউন ব্লক কংগ্রেস সভাপতি অম্লান মুনসি সহ অনেকে।

