২০২১–এও উন্নয়নের ছোঁয়া পায়নি নদিয়ার মানিকনগর গ্রাম, বঞ্চিত সরকারি সমস্ত পরিষেবা থেকে, কি বলছে গ্রামের মানুষ?

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩ আগস্ট:
নদিয়ার একটি প্রত্যন্ত গ্রাম মানিকনগর। ২০২১ সালে এসেও সমস্যায় জর্জরিত এই গ্রামের প্রায় ৪০০০ মানুষ। এই গ্রামটি অতীতে কোনও এক সময় নদিয়ার শান্তিপুরের সাথে যুক্ত ছিল। কিন্তু পরে গঙ্গার একদিকে ভাঙ্গন এবং অন্যদিকে গঙ্গায় চর পড়ে নদিয়ার থেকে আলাদা হয়ে বর্ধমান সংলগ্ন হলেও এখনো তাঁদের যে কোনও সরকারি কাজের জন্য যেতে হয় গঙ্গা পার করে প্রায় ২৫ কিলোমিটার দূরে। আমরা ঘুরে দেখলাম সেই গ্রামের অবস্থা। কেমন আছে সেই গ্রামের মানুষ?

নদিয়ার রানাঘাট লোকসভা হোক বা বিধানসভা যখন এখানের ভোট গণনা শুরু হয় তখন সবার প্রথম এই এলাকার ভোট গণনা হয় কিন্তু সুযোগ সুবিধার সময় এই গ্রামের নামও খুঁজে পাওয়া যায় না তালিকায়। গ্রামে ঢুকেই প্রথম যেটা নজরে আসল তা হল এখানে করোনার প্রভাবেও কারও মুখেই দেখা গেল না মাস্ক, নেই কোনও সামাজিক দূরত্বের বালাই। এই গ্রামে প্রায় ৪০০০ মানুষের বাস থাকলেও বয়স্ক থেকে বাচ্চা কারোরই হয়নি টিকাকরণ। স্থানীয় স্বাস্থ্য কর্মী নিজেই স্বীকার করে নিয়েছেন এখানে কারও টিকাকরণ করা হয়নি।
এছাড়া স্থানীয় গ্রামবাসীদের বিভিন্ন রকম অভিযোগ রয়েছে, যেখানে একদিকে রয়েছে রাস্তার সমস্যা সেই রকম রয়েছে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা।
এই গ্রামে ২ টি প্রাইমারি স্কুল আছে তা ছাড়া কোনও উচ্চ বিদ্যালয় নেই। নেই কোনও হাসপাতাল। গ্রামের মানুষকে হাসপাতালে যেতে গেলে হয় যেতে হবে নবদ্বীপে কিংবা কালনাতে তার পর রাস্তার সমস্যা তো আছেই।

গ্রামের পঞ্চায়েতের সদস্যদের অভিযোগ, আমরা পঞ্চায়েত থেকে যতটুকু পারি ততটুকু করি আর বাকিটা আমাদের ওপর মহলকে জানিয়েছি কিন্তু তারা কোনও ব্যবস্থা করেনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকার যদি এই গ্রামটি বর্ধমানের সাথে যুক্ত করে তবে আমরা খুবই উপকৃত হব। রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকারের কোনও প্রকল্পের সুবিধাই পায়নি এই গ্রামের মানুষ।
সবশেষে গ্রাম ঘুরে যা দেখা গেল তা ২০২১ এ এসে আশা করা যায় না। অভিযোগ ভোটের সময় শুধুমাত্র নেতারা আসে আর প্রতিশ্রুতি দিয়ে চলে যায় তারপর আর দেখা মেলেনা কারোর।

যদিও রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বলেন, যেহেতু বর্তমানের মানিকনগর বর্ধমান সংলগ্ন সেহেতু সমস্ত সুযোগ সুবিধা পাবার জন্য তাদের নদিয়া থেকে আলাদা করে প্রশাসনিক দিকটাও যাতে রাজ্য সরকার বর্ধমানে নিয়ে যাবার ব্যাবস্থা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *