আশিস মণ্ডল, বীরভূম, ৫ জুন: তোলা না দেওয়ায় প্রকাশ্যে এক আম ব্যবসায়ীর হাত ভেঙ্গে দেওয়া হল রামপুরহাট শহরে। দিনদুপুরে শহরের মধ্যে দুষ্কৃতী দৌরাত্ম্যে আতঙ্কিত শহরের মানুষ। এই ঘটনায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও কাউকে ধরতে পারেনি।
ঘটনাটি ঘটেছে রামপুরহাট শহরের ১০ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু রোডে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বেশ কিছু ব্যবসায়ী আম, লিচু নিয়ে রামপুরহাট শহরের বিভিন্ন ফুটপাতে বসে বিক্রি করেন। সেই মতো নুর সেলিম শেখ শনিবার দুপুরে একটি ট্রেলারের সামনে রাস্তার ধারে বসে আম বিক্রি করছিলেন। সেই সময় একই ওয়ার্ডের জনা পাঁচেক যুবক ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকার দাবি করেন। ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করায় তাঁকে রাস্তায় ফেলে পেটানো হয়। মেরে তাঁর বাম হাত ভেঙ্গে দেওয়া হয়। সমস্ত আম রাস্তায় ছড়িয়ে দেয় দুষ্কৃতীরা। হাত ভেঙ্গে দেওয়ায় কান্নায় ভেঙ্গে পড়েন সেলিম। খবর পেয়ে আরও আম ব্যবসায়ী ঘটনাস্থলে পৌঁছায়। এরপর তাঁকে নিয়ে থানায় এবং হাসপাতালে যায়।
নুর সেলিম শেখ বলেন, “পাঁচজন মিলে প্রথমে পঞ্চাশ টাকা দাবি করে। আমি দিতে অস্বীকার করায় কয়েক কেজি আম ঝুড়ি থেকে তুলে নেয়। প্রতিবাদ করতেই লাঠি দিয়ে আমাকে রস্তায় ফেলে মারতে শুরু করে। আমার হাত ভেঙ্গে যায়। প্রকাশ্যে মারধর করা হলেও কেউ বাঁচাতে আসেনি”।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, পুলিশ দায়সারা ভাব দেখাচ্ছে। তদন্ত না করে শহরের সিসিটিভি ছবি দেখে দুষ্কৃতীদের সনাক্ত করুক। দুষ্কৃতীরা শাস্তি না পেলে শহরে দাদাগিরি বেড়ে যাবে।


