আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি : বাংলাদেশের ঘটনার পুনরাবৃত্তি ঘটল পূর্ব মেদিনীপুরের জেলাসদর তমলুকে। তমলুক শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বৈকুণ্ঠ সরোবর প্রাঙ্গণে রাতের অন্ধকারে কেউ বা কারা সরস্বতী প্রতিমা ভাঙ্গচুর করে দিয়ে যায়। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। শুধু প্রতিমা নয় পুরো মন্ডপ সহ পুজোর ঘট ও পুজোর সমস্ত সামগ্রী নষ্ট করে দিয়ে গেছে দুষ্কৃতিরা। ভোরে সংগঠনের লোকেদের এই ঘটনা নজরে আসে। এলাকার কয়েকজন যুবক মিলে এ বছরই প্রথম পুজোর আয়োজন করেছিল। এই ঘটনায় হতবাক সবাই। সকালে তমলুক থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যায়।

পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল রাতে একদল যুবক মদ্যপ অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করে এবং তারাই পূজামণ্ডপের কাছে বসে মদ্যপান করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। পরে রাতের দিকে এলাকা ফাঁকা হয়ে যাওয়ার পরে পুজো কমিটির কর্মকর্তারা পুজো মণ্ডপ ছেড়ে চলে যান। তারপরেই সরস্বতী প্রতিমা সহ অন্যান্য জিনিস ভাঙ্গচুরের ঘটনা ঘটে। সকালবেলা এই ঘটনা এলাকার মানুষের নজরে এলে ক্লাবের ছেলেদের খবর দেওয়া হয়। তারা এসে পুলিশে খবর দেয়। পরে বেলার দিকে পুলিশ এসে এলাকাটি ঘুরে দেখে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে যায়। তবে এখনো পর্যন্ত কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আটক বা গ্রেফতার করা হয়নি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্লাবের কর্মকর্তাসহ এলাকার মানুষ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।

