ইলামবাজারে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়ি, মৃত ২

আমাদের ভারত, বীরভূম, ২৭ এপ্রিল: বুধবার গভীর রাতে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়ি। এই দুর্ঘটনায় ইতিমধ্যেই দু’জনের মৃত্যুর খবর মিলছে। দুর্ঘটনায় মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য আনা হয়েছে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।

জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গাল হোসেন পরিবারের সঙ্গে দুর্গাপুর গিয়েছিলেন। সেখান থেকে তারা ইলামবাজার হয়ে বোলপুর ফিরছিলেন। একটি গাড়িতে ছিলেন সায়গাল হোসেন, তার বড় মেয়ে এবং স্ত্রী। অন্যদিকে অন্য আরেকটি গাড়িতে ছিলেন একটি পেট্রোল পাম্পের মালিক, সায়গাল হোসেনের তিন বছরের মেয়ে এবং মাধব দাস নামে একজন।

জানা যাচ্ছে, ইলামবাজার হয়ে ফেরার পথে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গাল হোসেনের একটি গাড়ি, যে গাড়িতে তার তিন বছরের মেয়ে ছিলেন সেই গাড়িটির সঙ্গে ডাম্পারের সংঘর্ষ বাঁধে। দুর্ঘটনার পরে দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

ঘটনার পর দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে তড়িঘড়ি বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা সায়গাল হোসেনের ছোট মেয়ে এবং মাধব দাসকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই গাড়ির চালক।

মৃত সায়গাল হোসেনের ছোট মেয়ে এবং আরেকজনের দেহ ময়নাতদন্তের জন্য বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রাখা হয়েছে। অন্যদিকে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ।

এই দুর্ঘটনার পিছনে কোনো যান্ত্রিক গোলযোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর সন্তান এইভাবে দুর্ঘটনার কবলে পড়ে মারা যাওয়ায় স্বাভাবিকভাবেই নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *