জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: সিবিআই ডাকলেও সবং এলাকার উদ্বেগজনক বন্যা পরিস্থিতির কারণে গেলেন না মন্ত্রী মানস ভুঁইঞা। রবিবার থেকে সবং সহ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ফের বৃষ্টি শুরু হয়েছে। গত সপ্তাহের প্রবল বৃষ্টিপাতের পর কেলেঘাই ও কপালেশ্বরী নদীর জল কমতে শুরু করলেও নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় বন্যা পরিস্থিতি সবংবাসীর উদ্বেগ বাড়িয়েছে। সেই কারণেই তলব করলেও সিবিআইয়ের দপ্তরে গেলেন না সবংয়ের বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইঞা।
একটি ভুয়ো অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্তের স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি সোমবার (২০শে সেপ্টেম্বর) বেলা ১২টায় সিজিও কমপ্লেক্সে মানস ভুঁইঞাকে ডেকে পাঠিয়েছিল বলে জানাগেছে।

সংবাদ সূত্রের খবর, জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সিবিআইয়ের সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়েছেন, রাতভর টানা বৃষ্টিতে তাঁর বিধানসভা এলাকা সবংয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একজন জনপ্রতিনিধি হিসাবে এই সময় এলাকার মানুষের পাশে দাঁড়ানো উচিৎ। ইডি’র পর গত সপ্তাহে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। গত সপ্তাহে তাঁকেও সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ও ভবানীপুরে উপনির্বাচনে ব্যস্ত থাকায় সিবিআই দপ্তরে যেতে না পারার বিষয়টি জানিয়ে বলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা চাইলে তাঁর বাড়ি বা অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি সহযোগিতা করবেন। সেইমতো সিবিআই আধিকারিকরা শিল্পভবনে গিয়ে তাঁকে ঘণ্টা দুয়েক জিজ্ঞাসাবাদ করেন।
ঠিক সেভাবেই নিজের এলাকায় প্রাকৃতিক দুর্যোগের উল্লেখ করে মানস ভুঁইঞাও জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে কলকাতায় গিয়ে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।

