জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ আগস্ট:
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শূন্যস্থান কোনও দিন পূরণ হবে না বলে জানালেন তাঁর সঙ্গে দীর্ঘ ৩৫ বছর ধরে রাজনীতি করা তৃণমূল সাংসদ মানস ভুইঁঞা।সোমবার বিকেলে তাঁর মৃত্যু সংবাদ পাওয়ার পরই শোকে বিহ্বল হয়ে পড়েন মানস বাবু। তিনি প্রণববাবুর বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি তাঁর ছেলে ও মেয়েকে ফোন করে সমবেদনা জানান।
২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি কেন্দ্রীয় বাজেটে কেলেঘাই – কপালেশ্বরী প্রকল্পে ৬৫০ কোটি টাকা বরাদ্দ করেন। সেই টাকায় কাজ হওয়ায় সবং, ময়না, পিংলা, পটাশপুর, ভগবানপুর বন্যার কবল থেকে রক্ষা পেয়েছে। ২০১২ সালে সবংয়ের বন্যা পরিস্থিতি দেখতে হেলিকপ্টারে আসেন প্রণববাবু। মানস ভুঁইঞা জানান প্রণব মুখোপাধ্যায়ের পায়ের তলায় বসে রাজনীতি করেছেন তিনি। তাঁর কথায় আমরা সংবিধানের রক্ষাকর্তাকে হারালাম। তিনি ছিলেন দক্ষ রাজনীতি বিদ, দক্ষ প্রশাসক, দক্ষ অর্থনীতি বিদ। দেশের মানুষ, বাংলার মানুষ কোনওদিন তাঁর এই শূন্যস্থান পূরণ দেখতে পাবেন না।

