TMC, Sabang, সবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দশগ্রাম অঞ্চলে জনসংযোগ মানস ভুঁইঞার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ এপ্রিল: সবং ব্লকের দশগ্রাম ৪নং অঞ্চলজুড়ে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে জনসংযোগ ও নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রার্থী ডাঃ মানস রঞ্জন ভুঁইঞা। এলাকার বিভিন্ন বুথে সভা, মিছিল এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারকে আরও তীব্র করে তুলেছেন।

সম্প্রতি দশগ্রাম ৪নং অঞ্চলের কলনদা থেকে মশাগ্রাম পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা ও মিছিল অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যা শোনেন এবং উন্নয়নের আশ্বাস দেন। মিছিলকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

এছাড়াও মশাগ্রাম বুথে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়, যেখানে দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। একইভাবে খাউখান্ডা বুথ এবং সতীশ বুথেও জনসংযোগ কর্মসূচি ও সভা অনুষ্ঠিত হয়। প্রতিটি ক্ষেত্রেই মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রচারের গতি আরও বাড়িয়ে দেয়।

সভা থেকে বক্তারা আসন্ন নির্বাচনে ডাঃ মানস রঞ্জন ভুঁইঞাকে জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করার আহ্বান জানান। তাঁকে এলাকার উন্নয়নের অন্যতম ভরসা হিসেবে তুলে ধরা হয়।

সব মিলিয়ে দশগ্রাম ৪নং অঞ্চলে নির্বাচনী প্রচার এখন তুঙ্গে, এবং প্রার্থীর লাগাতার জনসংযোগ কর্মসূচি এলাকায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছে বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *