জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ অক্টোবর: ডিভিসি জলাধার থেকে জল ছাড়তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই কেন্দ্রকে দোষারোপ করলেন মন্ত্রী মানস ভুঁইঞা। গতকাল পাঁচ জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বন্যার জন্য ডিভিসি কর্তৃপক্ষকে অভিযুক্ত করেন। শনিবার মেদিনীপুরের কাঁসাই নদীর বাঁধ পরিদর্শন করেন পশ্চিম মেদিনীপুরের দুই মন্ত্রী মানস ভুঁইঞা ও হুমায়ুন কবির। সেখানেই তিনি সাংবাদিকদের সামনে কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে বলেন, ডিভিসি থেকে জল ছাড়ার ফলেই জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
মন্ত্রীর মতে, ডিভিসির ছাড়া জলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের দিক প্লাবিত হয় এবং ঝাড়খণ্ডের গালুডি জলাধার থেকে জল ছাড়া হলে জেলার দাঁতন, কেশিয়াড়ি ও বেলদা এলাকায় বন্যা দেখা দেয়।বন্যার ফলে বহু মানুষ ক্ষতিগ্রস্ত। জলবন্দি কয়েক হাজার
মানুষ। কয়েক হাজার মানুষকে অন্যত্র সরিয়ে খেলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে বলে মন্ত্রী মানস ভুঁইঞা জানিয়েছেন।

