সাথী দাস, পুরুলিয়া, ২৬ নভেম্বর: মিঠুন চক্রবর্তীকে বেশি গুরুত্ব দিয়ে ফেলল তৃণমূল।’ কেন্দ্রীয় সরকারের বঞ্চনা আর বিরোধীদের কুৎসার প্রতিবাদ সভা’ শীর্ষক হলেও মঞ্চে প্রধান বক্তা প্রবীণ রাজনীতিক তথা রাজ্যের পরিবেশ মন্ত্রী মানস ভুঁইঞা আগাগোড়া মিঠুনের বক্তব্যের জবাব দিয়ে গেলেন।
“চপ শিল্প না চললে ঢপ শিল্প করুন। ওটাই এখন রাজ্যে চলছে।” ২৩ নভেম্বর পুরুলিয়ার হুড়ার লোধুড়কায় দলীয় কর্মী সম্মেলনের মঞ্চ থেকে এই ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেকার যুবকদের চপ ভাজার পরামর্শকে কটাক্ষ করেছিলেন ‘এমএলএ ফাটা কেষ্ট’ মিঠুন চক্রবর্তী। তিনি তৃণমূল তথা রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন। বঞ্চনার অভিযোগ করেছিলেন। তারই পাল্টা হিসেবে ট্যাক্সি স্ট্যান্ডে আয়োজিত সভায় বর্ষীয়ান অভিজ্ঞ ওই রাজনীতিককে হাতে রাজ্য সরকারের উন্নয়নের পরিসংখ্যান সম্বলিত গোছা কাগজ দেখে বক্তব্য রাখতে দেখা গিয়েছে আজ।
তিনি গৌরাঙ্গ চক্রবর্তী থেকে মিঠুন চক্রবর্তী হওয়ার অতীত জনসমক্ষে তুলে ধরেন। একই সঙ্গে তৃণমূল সুপ্রিমোর দাক্ষিণ্য নিয়ে রাজ্য সভার সাংসদ হওয়ার বিষয়টি বলেন। তিনি বলেন, “কী এমন হল মিঠুন? পদ্মফুলের গোদাম ঘরে ঢুকতে হল? আমি মিঠুন বা বিজেপির কু-কথা, কুৎসা, অসভ্য কথার জবাব দিতে এসেছি। কেন্দ্রের বঞ্চনা আর উপেক্ষার পরও মমতা বন্দ্যোপাধ্যায় সব ক্ষেত্রে উন্নয়ন ও মানুষের পরিষেবা দিয়ে চলেছেন।”
কেন্দ্রের বিজেপি সরকার সংবিধান দিবসের অপমান করছে বলে অভিযোগ করেন পরিবেশ মন্ত্রী। তিনি বলেন, “আজকের সেই দিনে পুরুলিয়ায় এসেছি, যারা সংবিধানকে আঘাত করছে, দুমড়ে মুচড়ে ভারতবর্ষকে বিপথে পরিচালিত করছে, পথ দেখাচ্ছে।”

