শ্যামপুরে মদের আসরে ব্যক্তি খুন, গ্রেফতার ১

আমাদের ভারত, হাওড়া, ২ জুন: মদের আসরে বচসার জেরে এক ব্যক্তিকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মঙ্গলবার রাতে শ্যামপুরের আন্টিলাপাড়ায় এই ঘটনা ঘটে। মৃতের নাম রবীন খদ্দার (৫৯)। ঘটনায় শ্যামপুর থানার পুলিশ লালু মান্না নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতকে বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, প্রতিদিনের মত মঙ্গলবার রাতে আন্টিলাপাড়ায় নদীর ধারে মদের আসর বসেছিল। আসরে রবীন খদ্দার ছাড়াও লালু মান্না, শীতল মান্না সহ অন্যান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে খবর, মদ খাওয়ার সময় নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে মদের আসরে থাকা ব্যক্তিরা। বচসা চরমে উঠলে নিজেরা মারামারিতে জড়িয়ে পড়ে। অভিযোগ, সেই সময় একটি বাঁশ রবীন খদ্দারের মাথায় লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে লালু মান্না ও শীতল মান্নার মাথা ফেটে যায়। শীতল মান্নাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ঝুমঝুমি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরে তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে এই ঘটনার পর শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে তল্লাশি চালিয়ে লালু মান্নাকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *