সাথী দাস, পুরুলিয়া, ২৩ মার্চ: অমিত শাহকে নজির বিহীনভাবে আক্রমন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর ভোট প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম নিয়ে লক ডাউনে অসহযোগিতার অভিযোগ এনে আক্রমণ করে বলেন, “অমিত শাহ গোবদা গুবদা মন্ত্রী রোজ ভাষণ দেয়, হোদল কুত কুত মন্ত্রী। জিজ্ঞেস করুন পরিযায়ী কর্মীরা যখন মারা যাচ্ছিলেন তখন একটা ট্রেনের ভাড়াও দাওনি তো বাপু? এই দিদিই ৩০০ ট্রেনে করে এনেছেন। সব ট্রেন ভাড়া করে এনেছি। একটারও পয়সা দেয়নি। বাসে করে এনেছি।”
বিজেপি এবং কেন্দ্র সরকারকে নিশানা করে আক্রমণ করেন মমতা। অমিত শাহর নাম করে ফের তিনি বলেন, “আজকে শুনলাম গোসাবায় গিয়ে বলেছেন উনারা নাকি আমফানের টাকা দিয়েছে। একটা টাকাও দেয়নি। কাঁচা কলা দিয়েছে। মিথ্যেবাদীর দল। ডাকাতের দল। কুৎসার দল। দানবের দল। রাবণের দল, দুর্যোধনের দল, দুঃশাসনের দল, অশান্তির দল। ভারত বর্ষের একটা জঘন্য রাজনৈতিক দল। নির্বাচনের আগে ১০০ টাকা গ্যাসের দাম কমাবে নির্বাচনের পর দেড় হাজার টাকা বাড়িয়ে দেবে।”

ভোট প্রচারে এসে পানীয় জল সমস্যা দূর করার আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “জল স্বপ্ন আর জাইকা প্রকল্পের মাধ্যমে পুরুলিয়ায় ২ হাজার কোটি টাকার জল প্রকল্পের চিন্তাধারা রয়েছে। পুরুলিয়ার ৫০ শতাংশ মানুষের কাছে জল পৌঁছে যাবে। এছাড়া অনাবাদি জমিতে ‘মাটি সৃষ্টি’ প্রকল্পের মাধ্যমে জঙ্গলমহলের চার জেলার ২ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলে দাবি মমতার।
দলের ইস্তাহার প্রসঙ্গ টেনে বলেন, “মে মাস থেকে সব মহিলাদের ৫০০ টাকা এবং সিডিউল কাস্টদের ১০০০ টাকা করে দেওয়া হবে। তৃণমূল সরকার এলে এবার দরজায় দরজায় রেশন এনে দেব। চাষিদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে। তপশিলি জাতি ও উপজাতিদের ১০০০ টাকা দেওয়া হবে। ব্লকে ব্লকে ইংরেজি মিডিয়াম স্কুল হবে। স্টুডেন্টদের ১০ লাখ করে অ্যাকাউন্টে দেওয়া হবে। কোনও জামিনদার লাগবে না। আগামীদিনে মন্ডল কমিশনে ওবিসি’তে অন্তর্ভুক্তির জন্য কমিটি গঠন করা হবে।”
বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনে মমতা বলেন, “বহিরাগত গুন্ডা দিয়ে বাংলা দখল করতে দেব না। ভোটের সময় বিরিয়ানি দিলে নেশা, ড্রাগ মিশিয়ে দিয়ে ভোট লুঠ করবে। তাই কেউ বিরিয়ানি দিলে খাবেন না।” কর্মীদের উদ্দেশ্যে বলেন, “ভোটের সময় নিজের মেশিন নিজে রক্ষা করবে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়বো না। এবার ফোন এলে এবং ফোন কাটলে সবাই বলবে জয় বাংলা। আবার দলের কর্মীদের মধ্যে কাউকে কাউকে যদি বিজেপি কিনে নেয় সেদিকে এবার আমি নজর রাখব। ওরা আমাদের বুথ এজেন্টদের ৫ লক্ষ টাকার লোভ দিয়ে ভোট করানোর জন্য বলছে। দেব ভালো করে।”
আজ দুপুর থেকে পাড়া, কাশীপুর এবং রঘুনাথপুর কেন্দ্রে সভা করেন মমতা।

