আমাদের ভারত, ২৮ জুলাই: মন্ত্রী পার্থ চ্যাটার্জির ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ছিল বলে দাবি করলেন বিজেপি-র পশ্চিমবঙ্গের সহপর্যবেক্ষক অমিত মালব্য। তাঁর দাবি, এই কেলেঙ্কারির দায়ে পার্থ এবং মমতা দুজনকেই যেতে হবে।
বৃহস্পতিবার অমিতবাবু টুইটারে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীর সহযোগীর কাছ থেকে ৫০ কোটিরও বেশি নগদ, প্রচুর পরিমাণ সোনা, বেশ কিছু সম্পত্তি এবং বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। মমতার মন্ত্রিসভায় রয়েছেন পার্থবাবু। দায়মুক্তির সাথে এই লুট হয়েছে কারণ তাঁর কাছে মমতার আশীর্বাদ ছিল। সেজন্য তিনি তাঁকে মন্ত্রিসভা থেকে সরাতে পারছেন না।
বৃহস্পতিবার বিজেপি, কলেজ স্কোয়ার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল বের করছে। যার নজরে বিশাল এসএসসি কেলেঙ্কারি প্রকাশ এবং লক্ষ লক্ষ যুবক-যুবতীর জীবন ও কেরিয়ার নষ্ট। সামনে ছিলেন পার্থ চ্যাটার্জি। দুজনকেই যেতে হবে।”

