রাজেন রায়, কলকাতা, ১২ মে: সিঙ্গুরে না হওয়া ন্যানো প্রকল্প একদিকে রাজনৈতিক উত্থান এবং অন্যদিকে গলার কাঁটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন, বাংলায় শিল্পের সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল সেই দিনই, ২০০৬ সালে। এবার করোনা পরিস্থিতিতে সংকটের মোক্ষম সুযোগ কাজে লাগিয়ে প্রধানমন্ত্রীকে রাজ্যে ভ্যাকসিন শিল্পের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন এর জন্য জমি দিতেও প্রস্তুত তিনি।
পর্যাপ্ত টিকা পাচ্ছেন না বলে একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনামূল্যে ভ্যাকসিনের দাবি জানাতে অগ্রণী ভূমিকা নিতেও দেখা গিয়েছে তাঁকে। তবে এবার একেবারে ভিন্ন সুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মমতা। রাজ্যে ভ্যাকসিন উৎপাদনের জন্য আহ্বান জানালেন তিনি। ভ্যাকসিনের প্রস্তুতকারী সংস্থাগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বললেন তিনি। শুধু ভারতের নয়, বিদেশি সংস্থার উদ্দেশেও এই বার্তা দিয়েছেন তিনি।
বুধবার নরেন্দ্র মোদীকে চিঠিতে মমতা লিখেছেন, ভারতে যা ভ্যাকসিনের ডোজ রয়েছে, তা পর্যাপ্ত নয়। আর এই মুহূর্তে দেশের বিপুল জনসংখ্যাকে টিকা দিতে গেলে প্রচুর পরিমাণ ভ্যাকসিন প্রয়োজন। পশ্চিমবঙ্গের ১০ কোটি ও সারা দেশের ১৪০ কোটি মানুষের টিকাকরণ প্রয়োজন। অথচ এখনও পর্যন্ত যা টিকাকরণ হয়েছে, জনসংখ্যার তুলনায় তা নগণ্য। তাই ভ্যাকসিন উৎপাদনের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে জোর দেওয়ার কথা বলেছেন তিনি। চিঠির শেষ অংশে মমতা লিখেছেন, ‘বিশ্বের ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাগুলিকে ভারতে ফ্র্যাঞ্চাইজি খুলতে দিতে হবে। আর সেই সংস্থাগুলিকে জমি দিতেও রাজ্য সরকার প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

