রাজেন রায়, কলকাতা, ৯ মে: দেশ তথা রাজ্যে করোনা অতিমারী নিয়ন্ত্রণে আদৌ কতটা সদিচ্ছা রয়েছে প্রধানমন্ত্রীর? এই নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অক্সিজেনকে করমুক্ত করার আর্জি জানিয়েছেন তিনি।
এর আগে মমতা চিঠিতে অনুরোধ করেছিলেন, যাতে কোভিড টিকা বিনামূল্যে দেওয়া হয়। এবারের চিঠিতে কোভিডের ওষুধের ট্যাক্স ছাড়ের আবেদন জানিয়েছেন তিনি। ট্যাক্স ছাড়ের আবেদন জানানো হয়েছে মেডিক্যাল সরঞ্জামের ওপরেও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে যে চিঠি দিয়েছেন, তাতে বলেছেন, কোভিড পরিস্থিতিতে রাজ্যের যে অবস্থা রয়েছে, সেক্ষেত্রে মেডিক্যাল সরঞ্জাম ও অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে কোভিড চিকিৎসায় আরও বিভিন্ন সরঞ্জাম প্রয়োজন। কিন্তু সেক্ষেত্রে একটা বড় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, কেন্দ্রীয় সরকারের কাস্টমস ডিউটি ও আইজিএসটি অর্থাৎ ইন্টিগ্রেটেড জিএসটি। জরুরি অবস্থা ভিত্তিতে সেই কর যাতে মুক্ত করা হয়, তার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি জানিয়েছেন তিনি।
কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার বিনামূল্য বিতরণের জন্য কোভিড চিকিৎসা সরঞ্জামের আইজিএসটি মকুব করেছিল। কিন্তু নবান্নের দাবি, আইজিএসটি মকুবের ক্ষেত্রে কিছু আইনি জটিলতা রয়েছে। তাতে রাজ্যের অংশের কর মকুব হয় না। তাই সার্বিকভাবে যাতে করমুক্ত করা হয়, তার আবেদন জানানো হয়েছে।

