মুখ্যসচিব আলাপনের মেয়াদ বৃদ্ধির আবেদন, মোদীকে চিঠি মমতার

রাজেন রায়, কলকাতা, ১৩ মে: রাজ্যের কোভিড পরিস্থিতি সামলাতে যেন মুখ্যসচিবের মেয়াদ ৩ মাস বাড়ানো হয়। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে অভাবনীয় সঙ্কটের মুখোমুখি হচ্ছে গোটা দেশ তথা রাজ্য সরকার। এহেন পরিস্থিতি সামলাতে প্রয়োজন দক্ষ আধিকারিকের। যে কারণে এ বার রাজ্যের মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের বর্তমান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েই এই চিঠি দিয়েছেন মমতা। গত বছর ১ অক্টোবর থেকে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব পালন করছেন আলাপন। করোনার প্রথম ঢেউয়ের মাঝেই রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব নিয়েছিলেন তিনি। নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার আগে তাঁর কাজের সময়সীমা কমপক্ষে তিন মাসের জন্য বাড়ানোর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই বহু উচ্চপদস্থ আমলা এবং আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন। সেই কারণে এই সময়ে আলাপনের বিশেষ প্রয়োজন রয়েছে নবান্নে। এই মর্মে আজ, বৃহস্পতিবার তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *