“যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে সেদিন মমতা প্রধানমন্ত্রী হবেন,” মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ অক্টোবর: মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি কটাক্ষ করে বলেন, যদি গরুর গাড়িতে হেডলাইট লাগে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও একদিন প্রধানমন্ত্রী হবেন। খড়দহ বিধানসভায় উপ নির্বাচনে বিজেপি প্রার্থী জয় সাহার প্রচারে এসে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার প্রসঙ্গে এই ভাবেই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।

খড়দা বিধানসভা উপ নির্বাচনে আজ কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে ৫৬ নম্বর বাস স্ট্যান্ডের কাছে বিজেপির একটি পথসভায় মূল বক্তা হিসেবে প্রচারে আসেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের প্রসঙ্গে বলেন, “বাংলাদেশে যা হয়েছে তা শুধুই ট্রেলর। বাংলাদেশের ঘটনা থেকে সাবধান না হলে সিনেমাটা এই বাংলায়ও দেখবেন। আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোন প্রতিবাদ করছি না বরং বাংলাদেশে সংখ্যা লঘু হিন্দুদের ওপর যারা আঘাত হানছে, যে জেহাদিরা দুর্গা মূর্তি ভেঙ্গে দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি।” এই প্রসঙ্গে তিনি বলেন, এই বাংলায়ও সনাতনীরা বিপন্ন। সনাতনীদের কোনও ভালো অবস্থা বাংলায় নেই।

এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভবনাকে কটাক্ষ করে বলেন, “যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে বা স‍্যান্ডো গেঞ্জির যেদিন বুক পকেট লাগবে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন।” এদিন প্রচার সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *