রোমে বিশ্ব শান্তি সম্মেলনে ডাক মমতাকে, বাংলার শান্তি নিয়ে পালটা কটাক্ষ বিজেপির

রাজেন রায়, কলকাতা, ১১ আগস্ট: বিরোধীরা যাই বলুন, আন্তর্জাতিক ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খ্যাতি যে মারাত্মক, তার প্রমাণ মিলল। এবার রোমে বিশ্ব শান্তি সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে মমতাকে। নবান্ন সূত্রে খবর, আগামী ৬ এবং ৭ অক্টোবর রোমে অনুষ্ঠিত হতে চলা দু’দিন ব্যাপী এই বিশেষ অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতের তালিকায় রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এবং পোপ ফ্রান্সিসের মতো স্বনামধন্য ব্যক্তিত্বরা। যদিও মমতার শাসনকালে পশ্চিমবঙ্গের মানুষ কতটা শান্তিতে রয়েছে, তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

সূত্রের খবর, গত ২২ জুলাই এই আমন্ত্রণপত্র নবান্নে পাঠানো হয়েছে‌। আন্তর্জাতিক সংগঠন ‘দ্য কমিউনিটি অব স্যান্ট এগিডো ইন রোম’ মূলত বিশ্ব শান্তির জন্য প্রত্যেক বছর এই সম্মেলনের আয়োজন করে থাকে। পালা করে ইউরোপের নানা দেশে এই শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। এ বছর সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রোমে। সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির থাকতে পারেন, এমন সম্ভাবনা এ বার তৈরি হয়েছে।

২০১৮ সালে এরকম একটি অনুষ্ঠানে রোমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর আগে মাদার টেরেজাকে ‘সন্ত’ ঘোষণার দিন ভ্যাটিক্যান সিটিতে, এবং ‘কন্যাশ্রী’কে পুরস্কৃত করার সময় নেদারল্যান্ডসেও আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে।

মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক আমন্ত্রণে স্বাভাবিকভাবেই কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা পরিস্থিতির কথা উল্লেখ করে রাজ্য বিজেপি সহ-সভাপতি শমিক ভট্টাচার্য এই নিয়ে বলেন, “আনন্দের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় রোমে যাবেন। কিছু আমলা যাবেন।
পশ্চিমবঙ্গের মানুষ তো দেখতে পাচ্ছেন কেমন শান্তি এই রাজ্যে। এ রাজ্যে যারা নিজের ঘরে ফিরতে পারছেন না, ভ্যাকসিন পাচ্ছেন না, রেশন পাচ্ছেন না, সেই সমস্ত সমস্যার সমাধান হবে না। শান্তির নতুন স্বরূপ এখন রোমে দেখা যাবে। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *