“ঠাকুরবাড়ির সবাই পদ পাবে কেন?” গাইঘাটার সভা থেকে পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব মমতা

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১৮ এপ্রিল:
গাইঘাটার নির্বাচনী জনসভা থেকে ঠাকুরবাড়ির পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দিলেন, কোনও বিশেষ পরিবার নয়, সবসময় সমস্ত মতুয়াদের জন্যই কাজ করবেন। বর্তমান করোনা পরিস্থিতির জন্য দোষারোপ করলেন প্রধানমন্ত্রীকে।

২২ এপ্রিল অর্থাৎ ষষ্ঠ দফায় গাইঘাটা আসনে ভোট। মতুয়া অধ্যুষিত ওই আসনে এবার তৃণমূল প্রার্থী করেছে নরোত্তম বিশ্বাসকে। অর্থাৎ ঠাকুর পরিবারের সদস্য নন, এমন এক ব্যক্তি এবার নির্বাচনী লড়াইয়ে। রবিবার গাইঘাটার নির্বাচনী জনসভা থেকে এবিষয়ে মুখ খুললেন মমতা। সব মতুয়ারাই তাঁর কাছে সমান প্রিয় বলে মন্তব্য করে তিনি বলেন, “শুধু ঠাকুর পরিবারের কেউ মন্ত্রী হবেন, কেউ সাংসদ, কেউ আবার বিধায়ক, পঞ্চায়েত প্রধান হবেন, এমনটা হতে পারে না। হওয়া উচিতও নয়। মমতাবালা আমাদের সঙ্গেই রয়েছে। তা সত্ত্বেও এবার প্রার্থী করা হয়েছে নরোত্তমকে।” তৃণমূল সুপ্রিমোর কথায়, “বড়মা আমাকে বেশ কয়েকটি চিঠি লিখেছিলেন। তাঁর অবর্তমানে মতুয়াদের দেখে রাখার কথা বলেছিলেন। সেই কথা আমি রাখব।”

নাগরিকত্ব ইস্যুকে হাতিয়ার করে মতুয়া ভোট নিজেদের দিকে টানার চেষ্টা করছে বিজেপি। সে প্রসঙ্গে এদিন মোদী শাহকে বিঁধলেন মমতা। বললেন, “মতুয়ারা প্রত্যেকে নাগরিক। বিজেপি মিথ্যে নাগরিকত্বের প্রতিশ্রুতি দিচ্ছে। নির্বাচনের পর পালিয়ে যাবে।”

এদিনের সভা থেকে রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। মোদী-শাহকে আক্রমণ করে বলেন, “প্রতিদিন দেশে লক্ষ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। দেশের মানুষের কথা না ভেবে ওঁরা বাংলা দখল করতে ব্যস্ত।” রাজ্য ভ্যাকসিন চাইলেও কেন্দ্র তা দেয়নি বলে এদিন ফের অভিযোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *