আমাদের ভারত, ২৯ জুন: তাদের মধ্যে তীব্র রাজনৈতিক মতভেদ আছে। কিন্তু এই মতভেদের কারণে তাদের “আম” সম্পর্কে ছেদ পড়েনি। সৌজন্যের সম্পর্ককে ধরে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আম পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক মতবিরোধ ইদানিং চরমে উঠেছে। কিন্তু তারপরও অন্য বছরের মতো এ বছরও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে আম পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের মতো এবছরও বাংলার বিখ্যাত জাতের আম পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীকে। মালদার বিখ্যাত ল্যাংড়া বা লক্ষণভোগ ছাড়াও হিমসাগর আম পাঠানো হয়েছে দেশের প্রধানমন্ত্রীকে।
তবে শুধু দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেই আম সম্পর্ক ধরে রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আম উপহার পাঠানো হয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছেও। এছাড়াও আম গিয়ে পৌঁছেছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতেও।
প্রতিবছরই রাজ্যের নির্দেশে দিল্লির বঙ্গভবনের কর্তারা এই আম উপহার পৌঁছে দেন বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাড়িতে অথবা দপ্তরে। তবে গত বছর করোনার কারণে এই উপহার পাঠানো যায়নি। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ রাজনৈতিক নেতাদের মধ্যে এই “আম” সম্পর্কে ইতি টানতে পারেনি, বরং “আম” সম্পর্ক বজায় থাকল তাদের মধ্যে।

