রাজেন রায় কলকাতা ৫ মার্চ: ২৯৪টি আসনের মধ্যে ২৯১ টি আসন প্রার্থী তালিকা ঘোষণা করলেও তাৎপর্যপূর্ণ ভাবে পাহাড়ের ৩ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানে প্রশ্ন উঠে আসছে তাহলে কি বিমল গুরুংদের জন্য ওই তিনটি আসন ছেড়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এমনটাই প্রশ্ন রাজনৈতিক মহলের।
প্রসঙ্গত মদন তামাং হত্যা মামলাসহ একাধিক রাজনৈতিক মামলায় অভিযুক্ত থাকার পর তিন বছর ধরে ফেরার ছিলেন বিমল গুরুং। তাঁর বিরুদ্ধে জারি হয়েছিল সমন। অবশেষে আচমকাই কলকাতা এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর বদলাতে শুরু করে রাজনৈতিক সমীকরণ। একুশের বিধানসভা ভোটে এই মুহূর্তে তৃণমুলকেই সমর্থনের কথা জানান বিমল গুরুং। তারপর রাজ্যের আবেদনের ভিত্তিতে বিমলের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক মামলা প্রত্যাহার করে নেয়া হয়।
এবার তাৎপর্যপূর্ণভাবে পাহাড়ের ৩ আসন ফাঁকা রাখা জন্ম দিচ্ছে রাজনীতির জল্পনার। সমতলের তুলনায় পাহাড়ে তৃণমূলের সংগঠন দুর্বল একথা অনেকেরই অজানা নয়। সেই কারণে রাজনৈতিক বৈতরণী পার হতে এবার গোর্খা জনমুক্তি মোর্চার পুরস্কার দিল তৃণমূল। অনুমান আগামী সপ্তাহে ওই আসনগুলিতে নিজেদের প্রার্থী ঘোষণা করতে পারেন বিমল গুরুং।

