“মমতা লঙ্কিনী আর অখিলেশ ঔরঙ্গজেব,” ফের বিতর্কের শিরোনামে সুরেন্দ্র

আমাদের ভারত, ৩০ জুলাই:
এর আগেও বিতর্কিত মন্তব্যের জন্য বালিয়ার বিজেপির বিধায়ক সুরেন্দ্র সিং শিরোনামে এসেছেন। শুক্রবার আবারও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে লঙ্কিনী এবং সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবকে ঔরঙ্গজেব বলে কটাক্ষ করেন।

রামায়ণের একটি চরিত্র হচ্ছে এই লঙ্কিনী। রাবণ রাজ্য লংকার মূল প্রবেশদ্বার রক্ষার দায়িত্বে ছিলেন এই লঙ্কিনী নামে রাক্ষসী। পবনপুত্র হনুমান তাকে মুক্তি দেন। এবার সেই রাক্ষসী চরিত্রের সঙ্গে মমতার তুলনা করলেন সুরেন্দ্র সিং। তাঁর অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় বাংলার অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। আর সেই জন্যই পৌরাণিক চরিত্রের সঙ্গে তিনি মমতার মিল খুঁজে পেয়েছেন।

তবে শুধু মমতাই নয়, অখিলেশ যাদবকে তিনি ঔরঙ্গজেব বলে কটাক্ষ করেছেন। অখিলেশ যাদবের সঙ্গে সমাজবাদী পার্টির আগের সর্বময় কর্তা মুলায়ম সিং যাদবের সম্পর্ক ভালো নয়। পিতা-পুত্রের একটি তিক্ত সম্পর্কের সূত্র ধরেই সুরেন্দ্র অখিলেশকে ঔরঙ্গজেব বলে নিশানা দেগেছেন।২০১৭ সালে অখিলেশের বাবার সঙ্গে মুলায়ম সিং-এর সম্পর্কের তিক্ততা চূড়ান্ত পর্যায়ে যায়। পরিস্থিতি এমন হয় যে একটি নতুন দল তৈরি করার কথাও জানান আখিলেশ। যদিও পরে তিনি নতুন দল গঠন করেননি।

এর আগেও বিভিন্ন উক্তির জন্য বারবার শিরোনামে উঠে এসেছেন বালিয়ার বিধায়ক সুরেন্দ্র সিং। করোনা সংক্রমণ মোকাবিলায় গোমূত্র পান থেকে শুরু করে হাথরস ধর্ষণের ঘটনায় ধর্ষণের জন্য মহিলাদের সংস্কারের অভাবকে দায়ী করে বিতর্কে জড়িয়েছেন এই বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *