সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ ফেব্রুয়ারি: ভোট ব্যাঙ্ক বাড়াতে মতুয়াদের ব্যবহার করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতারা ভোট চাইতে গেলে ডঙ্কা, কাঁসর, লাঠি নিয়ে তৈরি থাকবেন, যারা ভোট চাইতে যাবে তাদের ডঙ্কা, কাশর, লাঠি দিয়ে মুখে মারবেন, যাতে আগামী দিনে এমন কুরুচিকর শব্দ মুখ থেকে না বের হয়। এমনই নিদান দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। মঙ্গলবার মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরি গুরুচাঁদের নাম বিকৃতির প্রতিবাদে শুক্রবার বেলা ১১টা থেকে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া বাজার এলাকার যশোর রোড অবরোধ করেন মতুয়া ভক্তরা। ওই অবরোধ কর্মসূচিতে যোগ দেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।

স্বপনবাবু বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মালদায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, মতুয়া ঠাকুর বাড়ির সঙ্গে তাঁর নাকি অনেক দিনের সম্পর্ক। তিনি নাকি ঠাকুরবাড়ির বড় মায়ের চিকিৎসার ভার নিয়েছিলেন, বারবার নাকি ছুটে আসতেন ঠাকুরবাড়িতে। তাহলে সেই মতুয়াদের আরাধ্য দেবতা হরিগুরুচাঁদ ঠাকুরের নাম ভুলে গেলেন কি করে? কেন তাঁদের নাম বিকৃতি করা হল। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের গরু ছাগল ভাবেন? মতুয়াদের ব্যবহার করে ভোট ব্যাঙ্ক বাড়াছেন? এরপর যখন তৃণমূল নেতারা মতুয়া ভাই- বোনেদের কাছে ভোট চাইতে আসবে তখন ডঙ্কা, কাঁসর, লাঠি দিয়ে তাদের মুখে মারবেন। যাতে আগামীতে এমন কুরুচিকর শব্দ মুখ থেকে না বে রহয়। স্বপনবাবু বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে এখনই পাগলা গারদে পাঠানো উচিৎ, তাঁর মতিভ্রম হয়েছে। এর আগেও তিনি বহুবার ভুলভাল বক্তব্য রেখেছেন, কখনও ১৫কেজি ওজনের বাচ্চা, বিষ্ণু মাতা সহ একাধিকবার বিভিন্ন ধর্মের উপরে আঘাত এনেছেন। আমরা দাবি করছি, তিনি নিঃস্বার্থ ক্ষমা চান মতুয়াদের কাছে। যাতে তিনি আগামী দিনে এমন বক্তব্য না রাখেন। ওই মঞ্চে যে সব তৃণমূল নেতারা বসেছিলেন, তাদের উদ্দেশ্যে স্বপনবাবু বলেন, তিনি ভুল বলার পরেও তারা ভুল ধরিয়ে দিতে পারেনি, আসলে তিনি হারমাত বাহিনী নিয়ে চলেন। যারা মতুয়াদের আরাধ্য দেবতাদের নাম জানেন না।
মতুয়া ভক্ত গোপাল বিশ্বাস বলেন, হরিগুরুচাঁদ ঠাকুর নিয়ে আমাদের জীবন যাত্রা। রাত দিন আমরা তাঁর সেবাই চলি। তাঁদের নিয়ে এমন হেলাছেদ্দা, তাঁদের নাম বিকৃতি করা এটা আমরা কখনও মেনে নেব না। তিনি তো বলেন, এই বাড়ি এসেছেন, বড় মায়ের দায়িত্ব নিয়েছিলেন, তাহলে কি করে এমন ভুল করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ঠাকুরের প্রতি এই আচরণে তাঁকে ধিক্কার জানাই।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বাগদা থানার হেলেঞ্চা বাজারে মতুয়া সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ দেখিয়ে রাস্তা অবরোধ করেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। আজ বিকেলে ডঙ্কা, কাঁসি, নিশান হতে নিয়ে শতাধিক মতুয়া ভক্ত হেলেঞ্চা বাজারের রাস্তা অবরোধ করেন।

