রাজেন রায়, কলকাতা, ৮ জুলাই: নন্দীগ্রাম মামলার বিচার ব্যবস্থাকে কলুষিত করার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লক্ষ টাকার জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট। এই জরিমানা অর্থ দিতে চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, তিনি জরিমানার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যেতে পারেন।
তারপরই প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ৫ লক্ষ টাকার জরিমানার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান তাহলে পুনর্গণনার মামলার জল সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনও উচ্চতর বেঞ্চে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।
নন্দীগ্রাম মামলায় সরে দাঁড়িয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার জন্য মুখ্যমন্ত্রীকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। কিন্তু এই জরিমানা করা নিয়ে বাংলার রাজনীতিতে ঝড় উঠেছে। এই জরিমানা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীকে এভাবে জরিমানা করা যায় না। এই ঘটনা লজ্জাজনক।
কৌশিক চন্দ বিজেপির ঘনিষ্ঠ এই অভিযোগে প্রথম থেকেই সরব হয়েছিল তৃণমূল নেতৃত্ব। এই নিয়ে বিতর্ক চরমে ওঠে। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বাংলার রাজনীতি। অবশেষে কৌশিক চন্দ এই মামলা থেকে সরে দাঁড়ান।

