আমাদের ভারত, ২১ জুলাই: মুড়িতেও জিএসটি। এবার খাবটা কি? একুশে জুলাইয়ের শহিদ মঞ্চ থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে তাকে পাল্টা জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন। জিএসটি বৈঠকে রাজ্য সরকারের প্রতিনিধি উপস্থিত ছিল ও জিএসটি বসানোর সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন।
কয়েক দিন হল নতুন জিএসটির হার কার্যকর হয়েছে। দই, পনির, লস্যি, মধু, আটা, ময়দা, মুড়ি সহ প্যাকেটজাত খাদ্যপণ্যের উপর ৫% জিএসটি বসেছে। আজ একুশের জুলাইয়ের মঞ্চ থেকে মুড়ির মতো সাধারণ খাবারেই জিএসটি বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রকে তুলধনা করেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, মুড়িতেও জিএসটি, বিজেপির বন্ধু মুড়ি খাবেন না? মুড়িতে কত জিএসটি? মিষ্টিতেও জিএসটি? নকুলদানায় জিএসটি, বাতাসায় জিএসটি, নিম পাতায় জিএসটি, লোকে কি খাবে? খাব কি? মানুষ খাবে কি? আমাদের মুড়ি ফিরিয়ে দাও নইলে বিজেপি বিদায় নাও। পরিষ্কার কথা মুড়ি খেয়ে থাকি।
এর পাল্টা দিতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি বলেন, রাজ্য সরকারের প্রতিনিধি জিএসটি বৈঠকে এই সিদ্ধান্তের কোনো বিরোধিতা করেননি। উল্টে সমর্থন জানিয়েছে। ম্যাগি বিক্রি হচ্ছে তাতে কেন ৫% ট্যাক্স লাগবে না? ট্যাক্স সাধারণ মানুষের কাজে ব্যবহৃত হয়। সেটা মোদীর পকেটেও ঢুকবে না, মমতার পকেটেও ঢুকবে না। রাজ্য সরকার জিএসটির টাকার ভাগ পায়। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন। ওর প্রতিনিধি বৈঠকে ছিলেন।সেখান থেকে জিএসটি লাগানোর সমর্থন করেছেন। কারণ জিএসটির বেশিরভাগ অংশ রাজ্য সরকারের কাছে ফিরে আসে। রাজ্য সরকার জিএসটি কাউন্সিলের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। কোনো প্রতিবাদ করেনি। প্রতিবাদ করেনি মানেই তো সমর্থন করা।”

