জয় লাহা, দুর্গাপুর, ২৩ এপ্রিল: মমতা বন্দ্যোপাধ্যায় কে রোহিঙ্গাদের খালা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফুফু বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। তিনি শুধু এখানেই থেমে থাকলেন না, সেইল থেকে অক্সিজেন নিয়ে যাওয়ার বিরোধিতা করেছেন মমতা ব্যানার্জি। সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, উনি তো সব পারেন আঁকতে পারেন, গাইতে পারেন, করোনাকে পাশবালিশ করতে পারেন, কোন ওষুধ খেতে হবে সেটাও জানেন। তাহলে উনি নিজে কেন অক্সিজেন প্ল্যান্ট তৈরি করে নিচ্ছেন না? আজ দুর্গাপুরে এক সভায় এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।
করোনা আবহে দেশজুড়ে অক্সিজেনের সঙ্কট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তৎপর কেন্দ্র সরকার। শুক্রবারই দুর্গাপুরে সেইল থেকে বায়ুসেনার বিশেষ বিমানে অক্সিজেন যায় উত্তরপ্রদেশে। আর বাংলা থেকে এই অক্সিজেন নিয়ে যাওয়ার তীব্র আপত্তি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুর্গাপুরে এক সাংবাদিক সম্মলেনে মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের গাফিলাতির অভিযোগ তুলেছেন। একই সঙ্গে সেইল থেকে অক্সিজেন অন্য রাজ্যে না পাঠানোর অর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন এবং বাংলায় ওই অক্সিজেন পর্যাপ্ত বজায় রাখার আবেদন জানান।
মমতা ব্যানার্জির ওই বক্তব্য প্রসঙ্গে দুর্গাপুর পশ্চিমে বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘড়ুইয়ের সমর্থনে প্রচারে এসে শুভেন্দু অধিকারী কড়া ভাষায় আক্রমণ করেন মমতা ব্যানার্জিকে। তিনি বলেন, “ক্লাব খয়রাতিতে ৯০০ কোটি টাকা দেয়। পুজোয় অনুদান ১৮৫ কোটি। একটা অক্সিজেন প্ল্যান্ট তৈরী করতে ১৪০ কোটি লাগে। কেন অক্সিজেন প্ল্যান্ট তৈরী করেননি? ওই টাকায় অনেক অক্সিজেন প্ল্যান্ট তৈরী হত।”
তিনি আরও বলেন, “উনিতো সব পারেন। আঁকতে পারেন। গাইতে পারেন। করোনাকে পাস বালিশ করে শুতে হবে বলেন। কোন ঔষধ খেতে হবে, সেটা জানেন। উনি নিজে অক্সিজেন তৈরী করে নিন। বাংলা নিজের মেয়েকে যেমন চায়, তেমন বাংলা নিজের ভ্যাকসিন চায়। উনি পারবেন দিতে?”
বাংলা নিজের মেয়েকে চায় তৃণমূলের এই স্লোগানের কড়া সমালোচনা করে বলেন, “৬৬ বছরের মহিলাকে মা, পিসি বলি আমরা। ৬৬ বছরের মহিলাকে মেয়ে কে বলে? উনি আসলে রোহিঙ্গাদের খালা(মাসি), বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ফুফু(পিসি)।”
কয়লা পাচার কান্ডে এদিন বিনয় মিশ্র সম্পর্কে তিনি বলেন, “সিবিআই হেপাজতে নিয়ে জেরা করলেই সব বেরিয়ে আসবে। ভাইপো তোলাবাজ। ভাইপোর কাছে টাকা পৌঁছে দিত। কান টানলেই মাথা আসবে।” তিনি আরও বলেন, “বিজেপি ক্ষমতায় আসলেই ১ সপ্তাহের মধ্যে সবাইকে ভেতরে ঢুকিয়ে দেব।”
তিনি বলেন, “ভোটের রেজাল্ট হয়ে গেছে। বিজেপি জিতে গেছে। সনাতন সংস্কৃতিকে রক্ষা করতে পদ্মের বিকল্প নেই। ওপরে মোদীজি, শুধু পদ্ম দেখুন আর ছাপ দিন।”

