আমাদের ভারত, ৯ মার্চ: রবিবার ব্রিগেড থেকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বলেছিলেন খেলা খতম। এবার তার পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন পয়লা এপ্রিল দ্বিতীয় দফায় নন্দীগ্রামে ভোটগ্রহণ সেদিন খেলা হবে, দেখাও হবে, জেতা হবে। পয়লা এপ্রিল ভোটবাক্সে বিজেপিকে এপ্রিল ফুল করার আহ্বানও জানান নন্দীগ্রাম বাসীকে।
১৮ জানুয়ারি নন্দীগ্রামে তেখালি মাঠে জনসভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেছিলেন তিনি নন্দীগ্রাম থেকে ভোটে প্রার্থী হতে চান। এরপর শুক্রবার দলের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। সেই সময় মমতা বলেন,” কথা দিয়ে তিনি কথা রাখেন, তাই নন্দীগ্রাম থেকেই তিনি দলের প্রার্থী হচ্ছেন। প্রার্থী হবার পর মঙ্গলবার নন্দীগ্রামে প্রথম জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার দলের সভা মঞ্চ থেকে মমতা বলেন, “পয়লা এপ্রিল এখানে ভোট আছে। ঐদিন ওদের এপ্রিল ফুল করে দেবেন। টাকা দিলে টাকাটা কি করতে হয়, আপনারা জানেন। কিন্তু ভোটের বাক্সে এপ্রিল ফুল করে দেবেন। এরপর যেদিন ফল বেরোবে সেদিন বুঝতে পারবে ওরা।”
নবান্ন দখল করতে নন্দীগ্রামে যে খেলা জমে উঠবে তার ইঙ্গিত আগেই মিলেছে। মমতা এদিন বলেন, এই মেদিনীপুর স্বাধীনতা আন্দোলনের অন্যতম জায়গা। প্রথম দফাতে এখানেও নির্বাচন রয়েছে। বলরামপুর পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভোট রয়েছে। এরপরই সভায় আসা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার প্রশ্ন “পয়লা এপ্রিল নন্দীগ্রামে খেলা হবে ? ভয় দেখালে ভয় পাবেন?টাকা দিলে ভোট দেবেন? চমকালে ভোট দেবেন?” তার এই প্রশ্নের উত্তরে যখন দলের কর্মী সমর্থকরা সমস্বরে না বলছেন তখন প্রত্যুত্তরে মমতা বলেন ঠিক বলছেন তো? তাহলে পয়লা এপ্রিল খেলা হবে। দেখা হবে। জেতা হবে। তৃণমূল জিতবে।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন এই মুহূর্তে রাজ্যে সিপিএম কংগ্রেস ও বিজেপির মধ্যে কোন তফাৎ নেই। তিনি বলেন, একসময় নন্দীগ্রামে মানুষের উপর যারা দমন-পীড়ন চালিয়ে সেই লক্ষ্মণ শেঠ এবং তার বন্ধুদের ফিরিয়ে এনেছে বিজেপি। সকলে মিলে নতুন করে অত্যাচার চালানোর পরিকল্পনা করছে। মুখ্যমন্ত্রী এই মানুষগুলোকে এলাকায় ঢুকতে না দেওয়ার আর্জি জানান। তার কথায়, “থানা পুলিশ এবং মামলার ভয় দেখালে বলবেন আর দুমাস যা করার করে নাও সাত থেকে দশ দিন পর কোথায় যাবে ভেবে নাও।”
মমতার একসময়ের ডানহাত শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগ করে এখন বিজেপিতে। সেই শুভেন্দুই নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে বিজেপির প্রার্থী। বিভিন্ন জনসভা থেকে মমতাকে নিশানাও করছেন শুভেন্দু। প্রধানমন্ত্রীও গত রবিবার ব্রিগেড থেকে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে বলেছেন মমতার স্কুটি নন্দীগ্রামে গিয়ে পড়ে গেলে আমাদের কি বা করার আছে? মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নন্দীগ্রামে গিয়ে এর পাল্টা দিয়ে বলেন, ভোট গণনার পর দেখব জিভের জোর কোথায় থাকে?

