কয়লা চোর বলছে ঘরের বৌ-কে: মমতা

আমাদের ভারত, ২৪ ফেব্রুয়ারি:আজ হুগলির জনসভাতে গিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। কখনো নাম করে কখনো নাম না করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন তিনি। তার নিশানা থেকে বাদ গেলো না দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও। তৃণমূল সাংসদ অভিষেকের বাড়িতে সিবিআই হানা ও কয়লা কান্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের ঘটনা তুলেও প্রধানমন্ত্রী তথা বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেছেন রাজ্যের মা বোনদের অসম্মান করেছে বিজেপি। তিনি রাজনীতি করেন তাই তার ঘরের বৌ-কে কয়লা চোর বলছে তারা।

ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি রাজনীতি করি অনেক মার খেয়েছি, গায়ের জোর দেখাচ্ছে,কোথায় আঘাত করছে ভেবে দেখুন, বিজেপির আমার উপর খুব রাগ, কিন্তু মা বোনেদের অসম্মান করতে পারে না। আমার বাড়িতে ঢুকে একটা বাচ্চা মেয়ে, বাড়ির কর্তা, ঘরের বউ, তাকে কয়লা চোর বলছে। আর কয়লা চোরদের নিজে কোলে করে নিয়ে বসে আছে।”

প্রসঙ্গত, সিবিআই আসার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার মামলার তদন্তে তৃণমূল সাংসদ অভিষেক এর স্ত্রী রুজিরাকে জেরা করতে আসার কথা ছিল সিবিআইএর। তার আগেই অভিষেকের বাড়ি শান্তিনিকেতনে পৌঁছে যান মমতা। মিনিট দশেক থাকার পরই তিনি বেরিয়ে আসেন। তার কিছুক্ষণ পরেই সিবিআই টিম আসে। তারপর থেকে চুপ করেই ছিলেন তিনি। হুগলির সভায় তিনি মুখ খোলেন এই ঘটনার বিরোধিতায়। বিজেপির বিরুদ্ধে তিনি অভিযোগ করেন কয়লা মাফিয়াদের হোটেল ভাড়া নিচ্ছেন তারা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আপনারাই তোলাবাজ, আপনাদের সারা গায়ে ময়লা লেগে আছে।” নোট বন্দির টাকা কোথায় গেল সেই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর কাছে জবাব চেয়েছেন মমতা। তার কথায়, “তৃণমূল তোলাবাজ হলে আপনারা দাঙ্গাবাজ- ধান্দাবাজ”। মুখ্যমন্ত্রী বলেন, “গরিবের ৫ টাকা খেলে হয় কাটমানি আর আপনারা কোটি কোটি টাকা খান তার বেলা?”

হুগলির সভায় নরেন্দ্র মোদীর রেল প্রকল্পের উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, “এইসব প্রকল্প আমি রেলমন্ত্রী থাকাকালীনই করে দিয়ে গিয়েছি। এখন ফিতে কাটছে। দেশের প্রধানমন্ত্রী হয়ে এত মিথ্যা কথা বলেন। আমি দেশের প্রধানমন্ত্রীকে কিছু বলতে চাই না। আমি চেয়ারটাকে সম্মান করি। তিনি আজ আছেন কাল চলে যাবেন।”

তারকাদের দলে যোগদান প্রসঙ্গ টেনে তিনি বলেন, “খেলা হবে এবারেও খেলা হবে, আমি থাকবো গোলরক্ষক। একটা গোলও করতে পারবেন না।”

অন্যদিকে লোকসভা ভোটে দলে খারাপ ফলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কোথাও কোথাও আমাদের ভুলত্রুটি হয়েছিল আমারা সংশোধন করছি।” কিন্তু একই সঙ্গে মমতা প্রশ্ন তোলেন, মোদী ১৫ লাখ টাকা করে দেবে বলেছিল ক’জন সেই টাকা পেয়েছেন? তিনি বলেন, বাংলাকে বাইরে থেকে গুন্ডা এনে ভরিয়ে দেবে। রাজ্যটাকে বিক্রি করে দেবে। আপনারা বলুন কোনটা চাই? ভালো করে শুনে রাখুন, গুজরাট বাংলা শাসন করবে না। বাংলায় বাংলা শাসন করবে। একেকটা লুটেরা।” প্রধানমন্ত্রীর নাম না করে কটাক্ষ করে তিনি বলেন ট্রাম্পের থেকেও খারাপ হাল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *