আমাদের ভারত, ৫ এপ্রিল:বাংলার পর এবার দিদির লক্ষ্য দিল্লি। আজ চুঁচুড়া বিধানসভা ভোটের জনসভা থেকে সেই কথা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, একটা পায়ে বাংলা জয় করব আর দুটো পায় আগামীদিনে দিল্লি জয় করব। তৃণমূল নেত্রীর এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
আজ মমতা বলেন, “ইলেকশনের আগে আমার পায়ে ইচ্ছে করে চোট করে দিল, যাতে আমি ইলেকশনে বের হতে না পারি। আমি বললাম, আরে আমার একটা পা ভাঙ্গা তো কি হবে? আমার মা-বোনেদের দুটো করে পা আছে। একটা পায়েই যা করে বেড়াচ্ছি। একটা পায়ে বাংলা জয় করব আর দুটো পা’য় তো আগামী দিনে দিল্লি জয় করতে হবে।”
তিনি কটাক্ষ করে বলেন, বিজেপিকে ভোট দিয়ে লাভ কি? গ্যাসের দাম ৯০০ টাকা করে দিয়েছে।”
রাজ্যে বিজেপির জনসভায় নরেন্দ্র মোদী দিদি–ইইই ও দিদি করে বলা এই শব্দবন্ধ নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে আপত্তি তোলা হয়েছে। গতকাল এই নিয়ে সাংবাদিক বৈঠক করে প্রতিবাদ জানিয়েছে তৃণমূলের মহিলা নেত্রীরা। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এরা বলে বাঙালীদের বড্ড অহংকার। বাঙালির মেরুদণ্ড ভেঙ্গে দিতে চাইছে ওরা। রোজ আমাকে যত ভ্যাঙাবে, জানবে তত জিভ ক্ষয় হয়ে যাবে। ভ্যাঙাতে দিন। গালাগালি দিতে দিন, যা ইচ্ছে বলতে দিন। আমিতো নিজে জানি আমি কি। এই বাংলার ভাই-বোনেরা আমায় এত ভালবাসে ওদের কথায় কেন মাইন্ড করবো?”
মমতা আরো বলেন, “কাল দেখুন সুকমায় জওয়ানরা মারা গিয়েছে, ওরা(বিজেপি) দেশ শাসন করছে না? দিল্লিতে দাঙ্গা করে, সুকমায়ের লোক মারে,পুলওয়ামায় লোক মারে। শুধু বাংলা দখল করবে বলে টাকার ভাণ্ডার নিয়ে সবকটা বসে আছে, এদের পরাস্ত করে দিন।”
তৃণমূল সুপ্রিমোর এদিনের মন্তব্যে স্পষ্ট, এবার দিল্লি দখলের টার্গেট করেছে তারা। নরেন্দ্র মোদী ইতিমধ্যেই জনসভায় বলছেন, দিদি নন্দীগ্রামে হারছেন, তাই এখন দিল্লি দখলের কথা বলছেন। বিজেপি যেমন বাঙলা দখলে মরিয়া চেষ্টা চালাচ্ছে তেমনি তৃণমূলও ক্ষমতা দখল রাখতে উঠে পড়ে লেগেছে। উভয়েই নিজেদের জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত বলে বার বার দাবি করেছেন। আগামী ২মে মে বোঝা যাবে কাদের দাবি আসলে কার্যকরি হয়েছে।

