Mamata, TMC, Midnapur, মেদিনীপুরে প্রার্থীর সমর্থনে রোড শো মমতার, জনসংযোগে জোর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল: প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ তিনি মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠের অস্থায়ী হ্যালিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকেই শুরু হয় তাঁর পদযাত্রা ও রোড শো।

মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মেদিনীপুরের প্রার্থী সুজয় হাজরা, খড়্গপুর গ্রামীণের প্রার্থী দিনেন রায় এবং সাংসদ জুন মালিয়া। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা গোলকুঁয়ার চক, বটতলা, নিমতলা, ভীমচক, স্কুল বাজার ও জগন্নাথ মন্দির হয়ে নতুন বাজারে গিয়ে শেষ হয়। প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই রোড শো ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

পদযাত্রার মাঝপথে বটতলা চকের কালী মন্দিরে গিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী। দেবীর উদ্দেশ্যে ফুলের মালা অর্পণ করে আশীর্বাদ নেন তিনি। পাশাপাশি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান, তাঁদের সঙ্গে কথা বলেন এবং সমর্থন প্রার্থনা করেন।

পুরো কর্মসূচি জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। তবে তার মধ্যেও জনতার ভিড় ও উচ্ছ্বাসে সরগরম হয়ে ওঠে শহরের বিভিন্ন প্রান্ত।

পদযাত্রা শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী খড়্গপুরের উদ্দেশ্যে রওনা দেন, সেখানে তাঁর পরবর্তী নির্বাচনী কর্মসূচি নির্ধারিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *