অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২১ জুলাই: ভারতের প্রথম জনজাতির মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’কে অভিনন্দন জানাতে বৃহস্পতিবার লালগড়ে এক সভার আয়োজন করে বিজেপি। ওই সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, খড়্গপুরের বিধায়ক তথা অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায়, বিজেপির ঝাড়গ্রাম জেলার সভাপতি তুফান মাহাত সহ আরো অনেকে।
ওই সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’কে তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আদিবাসী মূলবাসীদের মিত্র হল নরেন্দ্র মোদী ও ভারতীয় জনতা পার্টি এবং শত্রু হল মমতা বন্দ্যোপাধ্যায় ও তোলামূল পার্টি। তিনি বলেন, দ্রৌপদী মুর্মুকে তৃণমূল ভোট দেয়নি। ভোট দিয়েছে যশবন্ত সিনহাকে। তাই কারা আদিবাসীদের মিত্র তা ভেবে এবার কাজ করা উচিত আদিবাসী মূলবাসী মানুষদের। সেই সঙ্গে তিনি মুড়ির উপর জিএসটি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার সমাবেশ থেকে যে কথা বলেছেন তাকে মিথ্যাচার বলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কোনো খাদ্যদ্রব্যের উপর জিএসটি বসায়নি কেন্দ্র সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন।
সেই সঙ্গে তিনি বলেন, ধর্মতলায় শহিদ দিবস নয় জেহাদ দিবস পালন করা হয়েছে। কারো বুকে কালো ব্যাচ ছিল না।আসলে ওটা আগে ডিম ভাত দিবস ছিল আর এখন ওখানে বিরিয়ানি খাওয়াছে তৃণমূল, বদলটা দেখুন। ২০২৩ সালে শেষ সভা হবে, তারপরে আর ধর্মতলায় সভা করতে পারবে না তৃণমূল। এই সভায় উল্লেখ করা হয়নি নেতাই, নন্দীগ্রাম, সিঙ্গুরের শহিদদের কথা। শহিদ দিবসে শহিদদের কথা না বলে শুধু মিথ্যাচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।

