“নিজের প্রাক্তনীকে ফোন করেছেন মমতা, শ্রদ্ধা বেড়ে গেল”, প্রশংসা সুব্রতর

রাজেন রায়, কলকাতা, ২৭ মার্চ: মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে পূর্ব মেদিনীপুরের বিজেপি জেলা সহ সভাপতি প্রলয় রায়কে ফোন করার খবর মিথ্যা নয়। সত্যতা ‘কার্যত স্বীকার’ করে নিল তৃণমূল কংগ্রেস। তবে এতে
মোটেই সাংগঠনিক দুর্বলতা প্রকাশ পায় না আর নেত্রী পুরনো লোকজনদের সঙ্গেও যোগাযোগ রাখেন, এমনটাই মত শাসকদলের। সংবাদ মাধ্যমের একাংশই পুরো প্রসঙ্গকে অন্যভাবে উপস্থাপন করছে। সাংবাদিক বৈঠক করে এদিন এমনটাই দাবি করেছেন সুব্রত মুখোপাধ্যায়।

সুব্রত এ দিন বলেন, “আজ আমি টিভি থেকে দেখেছি। তা দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমার শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছে। বিষয়টিকে যে ভাবে পরিবেশন করা হচ্ছে তার আঙ্গিক ভিন্ন। তবে এতে আমাদের কোনও ক্ষতি হয়নি। কিন্তু, এটা রেকর্ড করে সংবাদমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে, এটা কী ধরনের রাজনীতি? এমন দেখানোর চেষ্টা হচ্ছে যেন মমতা খুব দুর্বল হয়ে গিয়েছেন।”

সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও মুখপাত্র কুণাল ঘোষও। প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ স্পষ্ট ভাষায় বলেন, “যদি ওই টেপ সত্যি হয়ে থাকে, তবে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও বিজেপি নেতাকে ফোন করেননি। তিনি তৃণমূলের প্রাক্তন নেতাকে ফোন করেছিলেন। মমতা সরল বিশ্বাসে কথা বলেছেন। তাঁর সৌজন্যতাকে কেউ যেন দুর্বলতা মনে না করেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *