সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ এপ্রিল: চৈত্র শেষের চড়া রোদ মাথায় নিয়ে নীল ষষ্টির দিন দুপুরে বাঁকুড়া শহরে রোড শো করে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বশহরের প্রাণকেন্দ্র তামলিবাঁধ থেকে লালবাজার হিন্দু স্কুল পর্যন্ত হেঁটে প্রচার চালান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। বাঁকুড়া সদর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার অনুপ মন্ডলের সমর্থনে আয়োজিত তৃণমূল নেত্রীর পদযাত্রা উপলক্ষে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মত।
শহরের বিভিন্ন রাস্তা ব্যারিকেড করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এতে ক্ষুব্ধ শহরের অধিবাসী থেকে ব্যবসায়ীরা। বিশেষ করে দশকর্মা, মিষ্টি, ফল ও সবজি বিক্রেতারা ক্ষোভের সঙ্গে বলেন, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার নীলপূজা, চড়ক, গাজন, নববর্ষ ও হাল খাতার জন্য ব্যবসার চূড়ান্ত সময়। সেই সময়টা ক্ষতিগ্রস্থ হলো। বিষয়টা ভাবার দরকার ছিল।
এদিন হেঁটে চলার পথে পথে বিভিন্ন জায়গায় তিনি দাঁড়ান ও জনতার দিকে হাত নাড়েন। চরম গরম উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা তাকে দেখার জন্য রাস্তার দু’পাশে দাঁড়িয়েছিল হাজার হাজার মানুষ। তিনি সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এতে অবরুদ্ধ হয়ে পড়ে শহর বাঁকুড়া। তিনি বাঁকুড়ার ঐতিহ্যবাহী মহামায়া মায়ের মন্দিরে ও ইন্দারাগোড়া মায়ের মন্দিরে ঠাকুর প্রণাম করেন এবং পুজো দিতে আসা গৃহবধূদের শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, বাঁকুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে এবারও বিজেপির গতবারের বিজয়ী নীলাদ্রি শেখর দানা ও সিপিআইএমের অভয় মুখার্জি প্রার্থী হয়েছেন।এছাড়াও জাতীয় কংগ্রেসের অরূপ ব্যনার্জি ও এস ইউ সি’র লীনা ঘোষ রয়েছেন লড়াইয়ে। এই বিধানসভায় গতবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি প্রায় দেড় হাজার ভোটে পরাজিত হয়েছিল বিজেপির কাছে। এবার তৃণমূল কর্মী এবং সমর্থকরা আশাবাদী তৃণমূল কংগ্রেস ভোটে জয়লাভ করবে বলে। তিনি রাস্তার দু’পাশের মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে করতে বাঁকুড়ার হিন্দু স্কুল মাঠে যান।

