কুমারেশ রায়, মেদিনীপুর, ৯ মার্চ: নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হারবেন, এব্যাপারে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র ২০০ শতাংশ নিশ্চিত। আজ মেদিনীপুরে দলীয় প্রার্থীর মনোনয়ন জমা দিতে এসে এমনটাই জানালেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাশ বিজয় বর্গী।
মমতা ব্যানার্জির হারের কারণ হিসেবে কৈলাস বলেন, মমতা ব্যানার্জি নন্দীগ্রামের মানুষের সাথে ছল করেছে। না ওখানে কোনো শিল্প দেখা গেছে, না কৃষি। তাই নন্দীগ্রামে মমতা ব্যানার্জির হার নিশ্চিত। বিজেপির অন্দরে প্রার্থী নিয়ে যে দ্বন্দ্ব রয়েছে সে ব্যাপারে তিনি বলেন, কার্যকর্তারা বসে মিটিয়ে নেবেন। কারণ বিজেপি কার্যকর্তারা অনুশাসন মেনে চলেন। এব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, দলের মধ্যে কার্যকর্তা ও নেতৃত্বদের মধ্যে যে ক্ষোভ অসন্তোষ দেখা দিয়েছে, তা ঠিক হয়ে যাবে, সকলে একসঙ্গে মিলে বিজেপিকে জিতিয়ে রাজ্যে ক্ষমতায় আনবে।
দিলীপ ঘোষ বলেন, আজ সমস্ত জায়গায় বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া চলছে। তাতেই এতো মানুষের জনসমাগম হয়েছে, তাতে বোঝা যাচ্ছে সারা বাংলার মানুষ পরিবর্তনের জন্য তৈরি। দিলীপ ঘোষ মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন, মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে নন্দীগ্রামে গেছেন, আবার কালীঘাটে চলে যাবেন। আজ বিজেপির মেদিনীপুরের প্রার্থী শমিত দাস, শালবনীর প্রার্থী রাজীব কুন্ডু এবং গড়বেতার প্রার্থী মদন রুইদাস মনোনয়নপত্র জমা দিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে একটি বিশাল মিছিল শহর পরিক্রমা করে। মিছিলে ছিলেন কৈলাশ বিজয় বর্গীয়, দিলীপ ঘোষ। মিছিলের ফলে যানজট হওয়ায় মোটর সাইকেলে করে জেলাশাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে আসেন শমিত দাস। বহু মানুষের সমাগম হওয়ায় জেলাশাসক দপ্তরে প্রবেশ করতেই পারেননি দিলীপ ঘোষ ও কৈলাশ বিজয়বর্গীয়। জেলাশাসকের দপ্তরের বাইরে থেকেই ফিরে যান দুজনে।

