নন্দীগ্রামে আহত মমতা বন্দ্যোপাধ্যায়, পরিকল্পিত হামলার অভিযোগ

রাজেন রায়, কলকাতা, ১০ মার্চ: মনোনয়ন জমা দেওয়ার দিনই নতুন জায়গায় প্রচারের শুরুতেই আহত মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে পড়ে গিয়ে রীতিমত আহত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহত অবস্থায় কলকাতায় ফিরছেন তিনি। আজই নন্দীগ্রামে নির্বাচনের জন্য হলদিয়ায় মনোনয়ন জমা দেন তৃণমূল সুপ্রিমো। তারপর ফের ফেরত যান নন্দীগ্রামে।

সেখানে গিয়ে একাধিক মন্দিরে ঘুরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনভর প্রচারে ব্যস্ত ছিলেন তিনি। বুধবার নন্দীগ্রামে থাকার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু চোটের কারণে নন্দীগ্রাম থেকে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার বিকেলে নন্দীগ্রামের রানিচকে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে
নাম- সংকীর্তনে যোগ দিয়ে ফেরার সময় গাড়ির দরজায় ধাক্কা লেগে পায়ে চোট লাগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পরিকল্পনা করে কয়েক জন তাকে ধাক্কা মারে। ভিড়ের মধ্যে আচমকা ধাক্কা দেওয়ায় মুখ থুবড়ে পড়ে যান মমতা। কপালে ও মাথায় আঘাত লাগে। আঘাত লাগে বাঁ পায়েও। গাড়ির দরজা দিয়েও তার পায়ে লাগে। গুরুতর আঘাত প্রাপ্ত হন মমতা। পা ফুলে যায়। যন্ত্রণায় ছটফট করতেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রাথমিকভাবে বরফ লাগানোর পর যন্ত্রণা না কমলেও, কলকাতায় ফেরার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো পাঁজাকোলা করে তাঁকে গাড়িতে তুলতে হয়। গাড়ির মাঝখানের আসনে বসানো হয়েছে। মুখ্যমন্ত্রীর পা ভেঙ্গেছে কি না তা এখনও স্পষ্ট নয়। কলকাতায় আসার পথে মাঝপথে কোনও চিকিৎসককে দেখানো যায় কি না, তা নিয়ে কথা চলছে। নিকটবর্তী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাকে ধাক্কা মারার সময় সেই জায়গায় কোনও পুলিশ আধিকারিক ছিল না। পুলিশ সুপারও আশেপাশে ছিল না বলে অভিযোগ। পরিকল্পনা করেই এই ঘটনা বলে তাঁর অভিযোগ। নির্বাচন কমিশনেও অভিযোগ জানানোর কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *