নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৯ মে:
নারদ মামলা প্রভাব খাটাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতায় এই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, প্রভাব খাটিয়ে অভিযুক্ত মন্ত্রীদের মুক্ত করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, নারদ মামলায় জেল হেফাজতে রয়েছেন তৃণমূলের দুই মন্ত্রী। এছাড়াও গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। গ্রেফতার হয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁরা দুজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, নিম্নআদালতে রাজ্য সরকার প্রভাব খাটানোর চেষ্টা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিম্ন আদালতে গিয়েছিলেন আইন মন্ত্রী মলয় ঘটক। প্রভাব খাটানোর চেষ্টা করেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট সব চক্রান্ত বুঝতে পেরেছে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। তাই অভিযুক্তদের জামিন হয়নি। অবিলম্বে নারদ মামলা রাজ্য থেকে সরানোর দাবি তুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, মামলা না সরলে বারবার রাজ্যের শাসক দল প্রভাব খাটাবে। সঠিক বিচার কখনোই হবে না। বিষয়টি ইতিমধ্যেই আদালতে তুলেছে সিবিআই। বিজেপির হাইকোর্টের উপর পূর্ণ আস্থা রয়েছে। নিশ্চয়ই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি নারদ কান্ডে অভিযুক্তরা শাস্তি পাবেন বলে আশা প্রকাশ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

