আমাদের ভারত, ২৯ মার্চ: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছেন। তিনি বিজেপির বিরুদ্ধে একজোট হবার ডাক দিয়েছেন ও কেন্দ্রীয় সরকারের একাধিক সংস্থাকে অপব্যবহারের অভিযোগ তুলেছেন। কিন্তু সেই চিঠি লেখাকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। আর এই ভয় আমাদের ভালো লাগছে।
কেন্দ্রের মোদী সরকার কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করছে। গণতন্ত্রের কন্ঠ রোধ করছে। এই অভিযোগ তুলে বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে বিজেপি বিরোধী দলগুলোকে একজোট হওয়ার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সেই চিঠি নিয়ে সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “দেশের আঞ্চলিক দলগুলির বেশিরভাগই পারিবারিক দল। ফলে তারা নিজেদের দলকে পারিবারিক সম্পত্তি বলেই মনে করেন। এই সব পরিবারের অনেক সদস্যরা বেআইনি কাজের সাথে যুক্ত।”
সুকান্ত মজুমদারের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অনেক সদস্য গরু পাচার, কয়লা পাচার, বালি পাচারে যুক্ত। সিবিআই এই সব অভিযোগের তদন্ত করছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই আদালতের নির্দেশে তদন্ত চলছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো ভয় করছে, যে আগামী দিনে তার পরিবারের সদস্যরা জেলে যেতে পারেন। তাই নিজের পরিবারকে বাঁচানোর জন্যই তিনি অন্য মুখ্যমন্ত্রীদের এই চিঠি লিখেছেন।”
সুকান্ত মজুমদার বলেন, যাই হোক, দোষীরা সাজা পাবে। তাই “মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। এই ভয়ে আমাদের ভালো লাগছে।”

