আমাদের ভারত, ৩ অক্টোবর:
দিল্লিতে তৃণমূলের ধর্না বিক্ষোভ চলাকালীন বড় দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন নামই মুখ্যমন্ত্রী, পিছন থেকে আসলে সরকার চালাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে অভিষেকের নেতৃত্বে দিল্লিতে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে তৃণমূল। তার পাল্টায় বঙ্গ বিজেপি সাংসদদের নিয়ে সাংবাদিক বৈঠক হয় দিল্লিতে। সেখানেই বড় মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় এখন নামই রয়েছেন, পশ্চিমবঙ্গে পিছন থেকে সরকার চালান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিজেপি সভাপতি সুকান্ত বলেন, “বিডিও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অধীনে কাজ করছেন। কিন্তু এরা অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বারা পরিচালিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এখন নামেই আছেন। পিছন থেকে সব কিছু করেন অভিষেক। ”
এর আগে করোনার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল কিংবা পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেকের নির্দেশে নদীয়ার চাকদা, পূর্ব মেদিনীপুরের মারিশদা পঞ্চায়েত প্রধানের ইস্তফা দেওয়ার ঘটনা ঘিরে বারবার অভিষেকের বিরুদ্ধে পিছন থেকে সরকার চালানোর অভিযোগ তুলেছিল বিরোধীরা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবারও সেই একই অভিযোগ করলেন এবার দিল্লিতে বসে।

