সাথী দাস, পুরুলিয়া, ৭ জুলাই: শুভেন্দু অধিকারীকে ‘মীরজাফর’ এবং ‘গদ্দার অধিকারী’ বললেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। আজ বলরামপুরে দলের ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্যের বেশিরভাগ অংশই আক্রমণের নিশানা ছিল বিজেপি এবং শুভেন্দু অধিকারী। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুকে নিশানা করে তোপ দাগেন তিনি।

তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি উনি তৈরি করেছেন। আগের কথা বলব না তবে ২০২১ সালে তিনি ছিলেন না বলে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি শক্তি নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন।” শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে অভিযোগ করে তিনি বলেন, “তিনি ২০১৬ সাল থেকে উই পোকার মতো তিল তিল করে দলের ঘুন লাগিয়ে গেছেন। হাজার হাজার ছেলে মেয়ের সঙ্গে ধাপ্পাবাজি করেছেন।” ওই সভা থেকে কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন যুব তৃণমূল নেত্রী।

ভর দুপুরেও প্রচুর তৃণমূল সমর্থক বলরামপুরের সরাই ময়দান ভরিয়ে তোলেন। মঞ্চ থেকে ২১ জুলাই ধর্মতলা যাওয়ার ডাক দেন তিনি ছাড়াও তৃণমূলের জেলা নেতৃত্ব। রাজ্য সাধারণ সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, দুই বিধায়ক রাজীব লোচন সরেন ও সুশান্ত মাহাতো, জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, যুব সভাপতি মেঘদূত মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। একই স্থানে ১১ জুন শুভেন্দু অধিকারীর পাল্টা সভা করে তৃণমূল কর্মীদের উজ্জীবিত করল তৃণমূল বলে রাজনৈতিক মহলের মত।

