সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ফেব্রুয়ারি: বাংলাদেশিদের বাঁচাতে সুপ্রিম কোর্টে পর্যন্ত গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সর্বদা বাংলাদেশিদের সমর্থন করে। রাজ্যে নির্বাচনের আগে ৩৫৫ ধারা কার্যকর করা উচিত বলে মন্তব্য করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এবং বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সৌমিত্র খান।
আজ বাঁকুড়া শহরে তালডাংরা বিধানসভা সংক্রান্ত এক অভিযোগপত্র প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন। সাংবাদিক সম্মেলনে বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি, অঙ্কিতা কুণ্ডু, সৌগত পাত্র, দেবাশিষ দত্ত এবং অন্যান্য জেলা নেতারা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপি সাংসদ বলেন যে, তালডাংরার তৃণমূল বিধায়ক জনসাধারণের টাকা চুরি করেছেন। একজন তৃণমূল নেতা একজন নাবালিকাকে ধর্ষণ করেছেন, কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তালডাংরা গ্রামীণ হাসপাতালে বিষাক্ত সাপ ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন বা তৃণমূল বিধায়ক কেউই রোগীদের নিয়ে চিন্তিত নয়।
পুলিশের চালু করা হেল্পলাইন নম্বরের সমালোচনা করে তিনি বলেন, এই হেল্পলাইনের উদ্দেশ্য হলো চুরির সুযোগ করে দেওয়া। তিনি আরও অভিযোগ করেন যে, রাজ্য সরকার জমি বরাদ্দ না করায় ছাতনা, মুকুটমণিপুর রেল প্রকল্পটি অচলাবস্থার মধ্যে রয়েছে। তৃণমূল কংগ্রেসের সকল সদস্যই চোর। চুরি তাদের মনে এমনভাবে গেঁথে আছে যেন এটি একটি মানবধর্ম।
তিনি আরও অভিযোগ করেন যে, সরকার তথ্যপ্রযুক্তি খাতের পরিবর্তে মাদ্রাসাগুলিকে বেশি অর্থ দিচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাদ্রাসার মতো ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। বিজেপি সাংসদ আরও বলেন যে, বাংলাদেশি হওয়ায় বহু মানুষ এসআইআর শুনানিতে যোগ দিচ্ছে না। জনগণ বিজেপির সাথে রয়েছেন বলে তিনি এদিন মন্তব্য করেন।

